
ইতালি প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি ও রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের আনুষ্ঠানিক উদ্যোগের প্রেক্ষিতে মুসলিম কবরস্থানের স্থান সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে রোম পৌরসভা।
ইতালিতে দাফনের সুযোগ পাচ্ছেন বাংলাদেশি মুসলিমরা, যুক্ত হচ্ছে ৪০০ নতুন কবর
মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: ইতালি প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি ও রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের আনুষ্ঠানিক উদ্যোগের প্রেক্ষিতে মুসলিম কবরস্থানের স্থান সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে রোম পৌরসভা। ফ্ল্যামিনিও ও প্রিমা পর্তা কবরস্থানে মুসলিমদের জন্য নির্ধারিত অংশ বাড়িয়ে প্রায় ৪০০টি নতুন কবরের স্থান যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।
রোমে আনুমানিক এক লাখ মুসলিমের বসবাস রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি দীর্ঘদিন ধরে সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন। ক্রমবর্ধমান জনসংখ্যা ও সীমিত কবরস্থানের কারণে প্রবাসীদের মধ্যে দাফন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। এ প্রেক্ষাপটে রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বিষয়টি আনুষ্ঠানিকভাবে পৌর কর্তৃপক্ষের নজরে আনে।
ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব রকিবুল হকের নেতৃত্বে দূতাবাসের প্রতিনিধিরা প্রিমা পর্তা কবরস্থান সরেজমিন পরিদর্শন করেন। পরবর্তীতে মুসলিমদের জন্য ইতোমধ্যে নির্ধারিত স্থানের পাশেই নতুন একটি স্থান চিহ্নিত করা হয়, যেখানে প্রায় ৪০০টি নতুন সমাধি স্থাপন করা সম্ভব হবে।
রোমের পরিবেশ কাউন্সিলর সাবরিনা আলফোনসি বলেন, রাজধানী রোম একটি বহুসংস্কৃতি ও বহুধর্মীয় সহাবস্থানের শহর। বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় চাহিদাকে সম্মান জানানোই একটি অন্তর্ভুক্তিমূলক নগর ব্যবস্থার অংশ। তিনি বলেন, পার্থক্যকে স্বীকৃতি দেওয়া মানেই শহরকে আরও মানবিক ও সমন্বিত করে তোলা।
কোভিড-পরবর্তী সময়ে রোমের কবরস্থানগুলোতে অতিরিক্ত চাপ ও বিলম্বের বিষয়টি সামনে আসে। সেই বাস্তবতায় পৌরসভা কবরস্থান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও সম্প্রসারণের উদ্যোগ নেয়। মুসলিম সম্প্রদায়ের চাহিদাকে একটি সুনির্দিষ্ট প্রকল্পে রূপ দিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন এ সিদ্ধান্তের ফলে এখন থেকে ইতালিতে বসবাসরত বাংলাদেশি মুসলিমদের স্থানীয়ভাবে ইসলামি শরিয়াহ অনুযায়ী দাফনের সুযোগ আরও সুদৃঢ় হলো। প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ এ উদ্যোগকে সময়োপযোগী ও কল্যাণমূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বাংলাদেশ দূতাবাস ও রোম পৌর কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।