
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিনেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। নাতির কোলে চড়ে ভোট দিলেন ৯৫ বছর বয়সি দাদা তাজুল ইসলাম।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের লাকসাম পৌর শহরের আবদুল মালেক ইনস্টিটিউশন রেলওয়ে হাই স্কুল ভোট কেন্দ্রে আসতে দেখা যায় প্রায় ৯৫ বছর বয়সি তাজুল ইসলামকে।
বার্ধক্য নিয়েও নাতির কোলে চড়ে ভোট দিতে আসেন তিনি। ভোট দেওয়ার পর তৃপ্তির হাসি ছিল তাজুল ইসলামের চোখে-মুখে।
স্থানীয়রা জানান, তাজুল ইসলাম কয়েক বছর ধরে চিকিৎসকের কাছে যাওয়া ছাড়া বাড়ি থেকে খুব একটা বের হন না। আজ ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করলে প্রবীণ এই ভোটারের স্ত্রী আমেনা বেগম ও নাতি ইয়াকুব তাকে কোলে নিয়ে রেলওয়ে হাই স্কুল কেন্দ্রে হাজির হন।
প্রবীণ ভোটার তাজুল ইসলাম বলেন, দীর্ঘ ১৬ বছর ভোট দিতে পারিনি, কারণ আমার ভোট জ্বিনের মতো লোকজন দিয়েছে। জীবনের শেষ সময়ে নাতিদের কোলে চড়ে কেন্দ্রে গিয়ে ভোট দিলাম। খুব খুশি লাগছে। পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি।
লাকসাম পৌর শহরের ২নং ওয়ার্ডের বাসিন্দা তাজুল ইসলামের নাতি ইয়াকুব জানান, দাদা কয়েক দিন ধরেই ভোটের আগ্রহের কথা জানান। আগ্রহের কারণেই ওনাকে নিয়ে সকাল ১১টায় বাসা থেকে বের হয়ে প্রথমে ভ্যানে করে পরে কোলে করে কেন্দ্রে নিয়ে আসি। দাদা ভোট দিতে পেরে খুব খুশি হয়েছেন।
সব মিলিয়ে বয়স ও অসুস্থতা জয় করে ভোটাধিকার প্রয়োগের এই দৃশ্য নির্বাচনের উৎসবমুখর পরিবেশে নতুন রঙ যোগ করেছে।