রাজনীতি

সিলেটের ৬টি আসনের ৫টিতেই বিএনপি জয়ী

14122_167782.jpeg

সংসদ নির্বাচনে সিলেট জেলায় নিরঙ্কুশ প্রভাব দেখিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। জেলার ছয় আসনের মধ্যে পাঁচটিতেই জয় পেয়েছে দলটি। অপর একটি আসনে বিজয়ী হয়েছে খেলাফত মজলিস।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দিনভর ভোটগ্রহণ শেষে রাতে বেসরকারিভাবে এসব ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তা সারওয়ার আলম।

প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী, সিলেট-১ আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৯৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯৮৩ ভোট।

সিলেট-২ আসনে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী তাহসিনা রুশদীর লুনা।

তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৯৫৬ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্য সমর্থিত ও খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলী দেওয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৩৮ হাজার ৬৩৫ ভোট।

সিলেট-৩ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. আবদুল মালিক। তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৪৫০টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা মুসলেহ উদ্দিন রাজুর পেয়েছেন ৭৩ হাজার ৬৭৪ ভোট।

সিলেট-৪ আসনে বিপুল ভোটে জয় পেয়েছেন ধানের শীষের প্রার্থী ও সাবেক সিসিকি মেয়র আরিফুল হক চৌধুরী। ১৭২ সেন্টারে তিনি পেয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৮৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী জয়নাল আবেদীনের প্রাপ্ত ভোট ৭১ হাজার ৩৯১ ভোট।

সিলেট-৬ আসনে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। তিনি পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৯১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত জোটের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন পেয়েছেন ১ লাখ এক হাজার ৫৬৯ ভোট।

তবে, সিলেট-৫ আসনে ব্যাপক সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত জয়ের দেখা পাননি বিএনপি জোট সমর্থিত ও জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক। আসনটিতে তাকে পরাজিত করে ৬ হাজার ১৭৭ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ১১ দলীয় জোট সমর্থিত ও খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুফতি আবুল হাসান। দেয়ালঘড়ি প্রতীকে তিনি পেয়েছেন ৭৯ হাজার ৩৫৫ ভোট। খেজুর গাছ প্রতীকে মাওলানা উবায়দুল্লাহ ফারুক পেয়েছেন ৬৯ হাজার ৭৪৪ ভোট।

 

সর্বাধিক পঠিত


ভিডিও