বাংলাদেশ

ভূমিধস বিজয়ে সরকার গঠনের পথে বিএনপি

14123_IMG_3145.jpeg

ইতিহাসসেরা ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি দুই-তৃতীয়াংশ আসনে ভূমিধস বিজয়ের পথে রয়েছে। দলটি ইতোমধ্যে এককভাবে সরকার গঠনের যোগ্যতা অর্জন করেছে। অপরদিকে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে জামায়াতে ইসলামী তার ইতিহাসে সবচেয়ে বেশি আসন পেয়ে সংসদের বিরোধী দল হওয়ার গৌরব অর্জন করেছে।

কেন্দ্র থেকে ঘোষিত ফলাফলের তথ্য অনুযায়ী, দুই-তৃতীয়াংশ আসন পেতে যাচ্ছে বিএনপি। স্বতন্ত্র প্রার্থীরা সাতটির মতো আসনে বিজয়ের পথে রয়েছে। বাকি আসনগুলোতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট এগিয়ে রয়েছে। সারা দেশ হতে প্রাপ্ত তথ্যমতে, গণভোটে ‘হ্যাঁ’ বড় ব্যবধানে বিজয়ী হয়েছে। নির্বাচনে ৭৫ শতাংশের বেশি ‘হ্যাঁ’ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। এদিকে কমিশনের সূত্র অনুযায়ী সংসদ নির্বাচনে ৬১ শতাংশের মতো ভোট পড়েছে।

গতকাল বৃহস্পতিবার গণতন্ত্রে উত্তরণের ভোট উৎসব অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হয় সংস্কারসম্পর্কিত গণভোট। দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে ভোট হয়েছে। প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট কাঙ্ক্ষিত ফল না পেলেও রাজধানীতে তুলনামূলকভাবে ভালো করেছে।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রথমবার দুটি আসনে নির্বাচনে দাঁড়িয়ে দুটিতেই বিজয়ী হয়েছেন। তিনি বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয় পেলেও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ঢাকা-১৭ আসনে সামান্য ব্যবধানে জিতেছেন। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা না হলেও বিএনপি সংবাদ সম্মেলন করে দলের চেয়ারম্যানের অংশ নেওয়া দুটি আসনে জয়ের তথ্য জানিয়েছে। জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসনে জয়লাভ করেছেন বলে দলটির ফেসবুক পেজে উল্লেখ করা হয়েছে। গভীর রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে ঘোষিত ২৯৬টি আসনের বেসরকারি ফলাফলে বিএনপি ২০৭টি, জামায়াত জোট ৭৭টি (এনসিপি ৬) এবং স্বতন্ত্রসহ অন্যরা ১২টি আসনে জয়লাভ করেছে। শেরপুর-২, চট্টগ্রাম-৪ ও ৬ আসন এর ফল মামলার কারণে স্থগিত আছে।

জুলাই বিপ্লবপরবর্তী মুক্ত পরিবেশে গতকাল অনুষ্ঠিত নজিরবিহীন শান্তিপূর্ণ সংসদ নির্বাচন ঈদ উৎসবে পরিণত হয়। এর মধ্য দিয়ে দেশ গণতন্ত্রে উত্তরণের চূড়ান্ত ধাপ পার করেছে। কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা ও অঘটন ছাড়াই অনুষ্ঠিত নির্বাচনকে ঈদ উৎসব বলে আখ্যায়িত করেন ভোটাররা। শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এ নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর হয়েছে। এ নির্বাচন মহা আনন্দের ও উৎসবের। এর মধ‍্য দিয়ে নতুন বাংলাদেশের অভূতপূর্ব যাত্রা শুরু হলো। এর আগে প্রধান উপদেষ্টা ভোট দিয়ে সবাইকে ‘ঈদ মোবারক’ জানান।

সারা দেশে সকাল সাড়ে ৭টা থেকে টানা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে প্রতিটি কেন্দ্রে ভোট গণনা করে রিটার্নিং কর্মকর্তারা বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। পরে নির্বাচন কমিশন থেকেও রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো ফলাফল ঘোষণা করা হয়।

রাতভর বিতর্ক ও চরম উত্তেজনার পর ঢাকা-৮ আসনের বিএনপির মির্জা আব্বাসকে রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর চেয়ে ৪ হাজার ৯৮০ ভোট বেশি পেয়েছেন। মির্জা আব্বাস পেয়েছেন ৫৬ হাজার ৫৫২, পাটওয়ারী পেয়েছেন ৫১ হাজার ৫৭২ ভোট।

ঢাকা-১৬ আসনে বিএনপির আমিনুল হক হেরে গেছেন। এ আসনে জামায়াতের কর্নেল (অব.) আবদুল বাতেনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

ঢাকা-১৩ আসনে মাওলানা মামুনুল হকের প্রতিদ্বন্দ্বী বিএনপির ববি হাজ্জাজকে বিজয়ী ঘোষণার পর নির্বাচন কমিশিনে গিয়ে প্রতিবাদ জানিয়েছে মামুনুল হক। জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে শেষ খবর পাওয়া পযর্ন্ত অবস্থান করছিল।

ঘোষিত বেসরকারি ফলাফলে নীলফামারী-১ আসনে জামায়াতের মাওলানা আব্দুস সাত্তার, নীলফামারী-২ (সদর) আসনে জামায়াতের আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী-৩ (জলঢাকা) আসনে জামায়াতের ওবায়দুল্লাহ সালাফী, নীলফামারী-৪ (সৈয়দপুর ও কিশোরগঞ্জ) আসনে জামায়াতের আব্দুল মুনতাকিম, কুড়িগ্রাম-৩ (উলিপুরা) আসনে জামায়াতের মাহবুবুল আলম সালেহী, কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মোস্তাফিজুর রহমান, রংপুর-২ আসনে জামায়াতের এটিএম আজহারুল ইসলাম, রংপুর-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আখতার হোসেন, বগুড়া-১ আসনে বিএনপির কাজী রফিকুল ইসলাম, বগুড়া-২ আসনে বিএনপির মীর শাহে আলম, বগুড়া-৩ আসনে বিএনপির আবদুল মহিত তালুকদার, বগুড়া-৫ আসনে বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৬ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, বগুড়া-৭ আসনে (গাবতলী ও শাজাহানপুর) বিএনপির মোরশেদ মিল্টন, পাবনা-১ (সাঁথিয়া) আসনে জামায়াতের নাজিবুর রহমান মোমেন, মাগুরা-১ আসনে বিএনপির মনোয়ার হোসেন, মাগুরা-২ আসনে বিএনপির নিতাই রায় চৌধুরী, ঝিনাইদহ-১ আসনে বিএনপির মো. আসাদুজ্জামান, খুলনা-৩ আসনে (সিটি করপোরেশনের ১ থেকে ১৫ নম্বর ওয়ার্ড, যোগীপোল ও আড়ংঘাটা ইউনিয়ন) বিএনপির রকিবুল ইসলাম (বকুল), খুলনা-৪ আসনে বিএনপির আজিজুল বারী হেলাল, খুলনা-৫ (ফুলতলা, ডুমুরিয়া ও গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা) বিএনপির আলী আসগার (লবি), বরিশাল-৫ আসনে মজিবর রহমান সরওয়ার, নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে বিএনপির কায়সার কামাল, নেত্রকোনা-৪ আসনে বিএনপির লুৎফুজ্জামান বাবর, জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে এম রশিদুজ্জামান (মিল্লাত), জামালপুর-২ (ইসলামপুর) আসনে সুলতান মাহমুদ (বাবু), জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে মোস্তাফিজুর রহমান (বাবুল), জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে ফরিদুল কবীর তালুকদার (শামীম), জামালপুর-৫ (সদর) আসনে শাহ্ মোহাম্মদ ওয়ারেছ আলী (মামুন), ঢাকা-২০ (ধামরাই) আসনে বিএনপির তমিজ উদ্দিন, মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে বিএনপির মোহাম্মদ আব্দুল্লাহ, মুন্সীগঞ্জ-২ (টঙ্গীবাড়ী-লৌহজং) আসনে বিএনপির আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) আসনে বিএনপির মোহাম্মদ কামরুজ্জামান, নরসিংদী-৩ আসনে মনজুর এলাহী, সুনামগঞ্জ-১ আসনে বিএনপির কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-২ আসনে বিএনপির নাছির চৌধুরী, সুনামগঞ্জ-৩ আসনে (জগন্নাপুর ও শান্তিগঞ্জ) বিএনপির মোহাম্মদ কয়ছর আহমদ, সুনামগঞ্জ-৪ আসনে (সদর ও বিশ্বম্ভরপুর) বিএনপির নূরুল ইসলাম, সুনামগঞ্জ-৫ আসনে (ছাতক ও দোয়ারাবাজার) বিএনপির কলিম উদ্দিন আহমেদ, সিলেট-২ আসনে বিএনপির ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর (লুনা), সিলেট-৩ আসনে বিএনপির এমএ মালিক, সিলেট-৪ (কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর) আসনে বিএনপির আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির রেজা কিবরিয়া, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, লক্ষ্মীপুর-১ আসনে বিএনপির শাহাদাত হোসেন সেলিম, চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপির নুরুল আমিন, ঢাকা-২ আসনে বিএনপির আমানউল্লাহ আমান, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-১৫ আসনে জামায়াতের শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে জামায়াতের মোহাম্মদ জহিরুল ইসলাম, কক্সবাজার-১ আসনে বিএনপির সালাহউদ্দিন আহমেদ বিজয়ী হয়েছেন।

নির্বাচন নিয়ে বিএনপির পক্ষ থেকে সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন করায় নির্বাচন কমিশন, সশস্ত্র বাহিনী, অন্তর্বর্তী সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছে। অপরদিকে জামায়াতে ইসলামী বলেছে, বাংলাদেশের ইতিহাসে অনন্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াত জোট উভয়েই বিজয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে।

নির্বাচনে ভোটারসহ দেশবাসীর মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কেন্দ্রগুলোয় বিপুলসংখ্যক ভোটারের উপস্থিতি দেখা গেছে। দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে ভোটারদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। প্রথমবারের মতো ভোটদানে সুযোগ পাওয়া তরুণদের মধ্যেও ছিল উল্লাস। অনেকে সপরিবারে ভোট দিতে আসেন। ভোটারদের অনেকে জানিয়েছেন, ২০০৮ সালের পর এবারই তারা ভোটকেন্দ্রে এসেছেন। নির্বাচনের দিন সংঘাতে কোথাও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ভোট দিতে এসে অসুস্থতাজনিত কারণে দেশের বিভিন্ন স্থানে ছয়জন মারা গেছেন।

দেড়যুগ পর মুক্ত পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনকে ভোটাররা ঈদ উৎসব বলে আখ্যায়িত করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিহা আফরিন যশোরে গ্রামের বাড়ি ভোটাধিকার প্রয়োগ শেষে প্রতিক্রিয়ায় বলেন, জীবনের প্রথম ভোট, খুব ভালো লাগছে। ভোট দিতে পেরে ঈদের মতো খুশি লাগছে। চট্টগ্রামের মিরসরাইয়ের ৭৬ বছরের বৃদ্ধ নুরুল বাকী বলেন, গত ১৭ বছর ভোট দিতে পারিনি। কোনো বিশৃঙ্খলা ছিল না, হুমকিধমকিও ছিল না। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। ভোটের আনন্দকে ঈদের আনন্দের মতো মনে হচ্ছে।

ঢাকা-১৪ আসনের ভোটার ওমর ফারুক (৬০) বলেন, ঝামেলা হয় বলে এর আগে ভোট দিতে আসিনি। এবার ভোট দিয়ে খুব ভালো লেগেছে। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দুই তরুণ মনসুর উদ্দিন ও আজমান আলী বলেন, আনন্দের সঙ্গে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছি। তরুণ হিসেবে জীবনের প্রথম ভোট দিতে পেরে সত্যি ভালো লেগেছে।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক দেখা গেছে। গতকাল ভোটগ্রহণ চলাকালে ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলটির আমির ডা. শফিকুর রহমান ও ধানের শীষ প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনকে কোলাকুলি করতে দেখা যায়। এ সময় ধানের শীষ প্রতীকের প্রার্থী বলেন, আমরা দুজন ভাই ভাই। যেই জিতি, এলাকার মানুষের জন্য একসঙ্গে কাজ করব। জামায়াতের আমিরও বলেন, তারা একসঙ্গে সৌহার্দ বজায় রেখেই দেশ গড়বেন।

এদিকে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগেই ব্যক্তিগত সোর্স থেকে পরাজয় জানতে পেরে সুনামগঞ্জ-২ আসনের জামায়াতের প্রার্থী শিশির মুহাম্মদ মনির ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিএনপির প্রার্থী নাছির চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন।

ভোটগ্রহণকালে বরিশালের হিজলা উপজেলার কয়েকটি কেন্দ্র পরিদর্শনকালে দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর কাজী জাহিদ ভোটারদের উদ্দেশ করে বলেন, আজ আপনাদের ঈদের দিন। গণতান্ত্রিক অধিকার প্রয়োগে কোনো ধরনের ভয়ভীতি বা সংকোচের সুযোগ নেই। চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জাহিদুল ইসলাম মিয়া ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে বলেন, বিশ্ব দেখল আমরাও অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারি।

রাজধানীর কয়েকটি কেন্দ্র পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবারের নির্বাচন ঐতিহাসিক ও জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে। ভোটের সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।

চট্টগ্রাম ব্যুরো জানায়, বিচ্ছিন্ন দুয়েকটি ঘটনা ছাড়া উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে চট্টগ্রামের ১৬ আসনে সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন হয়েছে। বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, ভোর থেকেই চট্টগ্রামের সবকটি আসনের কেন্দ্রগুলোয় ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল। অনেক এলাকায় ফজরের নামাজের পরপর কেন্দ্রে আসতে শুরু করেন ভোটাররা। কোথাও কোথাও ভোটগ্রহণের আগেই কয়েক হাজার ভোটার ভোট দিতে কেন্দ্রে ভিড় জমান। বেলা বাড়তেই সেই সারি দীর্ঘ হয়। দিনভর কেন্দ্রের ভেতরে ও বাইরে ভোটের আমেজ বিরাজ করে। তবে সকাল থেকেই সব আসনে ভোটগ্রহণে ধীরগতি দেখা যায়।

নারী ও তরুণ ভোটারের উপস্থিতি ছিল সবচেয়ে বেশি। প্রবীণ ভোটারের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। তবে জেলার কোনো আসনে ভোট কাস্টিং ৬০ শতাংশ অতিক্রম করেনি।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, বিশ্ব দেখল আমরাও অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারি। আমরা ভোটারদের কাছে নিরপেক্ষ ভোট আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমরা আমাদের কথা রেখেছি। ভোটাররাও স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নিয়েছেন। প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি, বিশেষ করে নারী ভোটারের উপস্থিতি আমাদের মুগ্ধ করেছে।

খুলনা ব্যুরো জানায়, নির্বাচন উপলক্ষে খুলনায় গতকাল সকাল থেকেই ছিল উৎসবমুখর পরিবেশ। সকাল সাড়ে ৬টা থেকে বিভিন্ন ভোটকেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়। নারী-পুরুষ, তরুণ ও প্রবীণ- সব শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে কেন্দ্রগুলোয় প্রাণচাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়।

ভোর হতেই নগরীর খুলনা লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ ও সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ ভোটকেন্দ্রে ভোটাররা এসে জড়ো হতে শুরু করেন। অনেকেই কেন্দ্র খোলার আগেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন। ভোটগ্রহণ শুরু হওয়ার পরপরই একের পর এক ভোটার বুথে প্রবেশ করে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট দিতে আসা কলেজ শিক্ষার্থী রাকিব হাসান বলেন, আমি প্রথমবার ভোট দিয়েছি। সকাল সকাল চলে এসেছি। কারণ ভোট দেওয়া আমার নাগরিক দায়িত্ব। পরিবেশ ভালো, তাই স্বস্তিতে ভোট দিতে পেরেছি।

স্টাফ রিপোর্টার যশোর জানান, গতকাল যশোরের কেন্দ্রগুলোয় নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দিনভর জেলার বিভিন্ন কেন্দ্রে ভোট হয়েছে উৎসবমুখর পরিবেশে। প্রশাসন জানিয়েছে, কড়া নিরাপত্তা ও নজরদারির মধ্যে অধিকাংশ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। তবে সকালে সদর উপজেলার একটি কেন্দ্রে হামলার ঘটনায় দুই ব্যক্তি আহত হন।

বরিশাল অফিস জানায়, দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশের মতো বরিশালেও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন হয়েছে।

এদিন সকাল সাড়ে ৭টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে শুরু করেন ভোটাররা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়তে থাকে। দীর্ঘ ১৭ বছর পর নিজের ভোট নিজে দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন অনেকে।

সিলেট ব্যুরো জানায়, সিলেটে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোট দিতে তরুণ প্রজন্ম আর নারীদের এমন আগ্রহ অনেক দিন দেখা যায়নি। গ্রাম থেকে শহর-বন্দরে ভোট দেওয়ার উৎসব হয়েছে বৃহস্পতিবার।

জুলাই বিপ্লবের পর এই সংসদ নির্বাচন নিয়ে ছিল বাড়তি উদ্দীপনা। তুলনামূলকভাবে ভোট কাস্টিং কম হলেও অনেক দিন পর নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে নগরীর চেয়ে মফস্বলে ভোটার উপস্থিতি বেশি ছিল।

নির্বাচন কমিশনে নিবন্ধিত ৬০টি রাজনৈতিক দলের মধ্যে ৫০টি দল এবার নির্বাচনে অংশ নেয়। কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটির নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ ছিল না। নির্বাচনে ২৯৯ আসনে প্রার্থী ছিলেন দুই হাজার ২৮ জন। এর মধ্যে ৫০টি রাজনৈতিক দলের প্রার্থী এক হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী ছিলেন ৮১ জন। নির্বাচনে মোট ভোটার ছিল ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ছয় কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ছয় কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার এক হাজার ২৩২ জন। অবশ্য এর মধ্যে নির্বাচন স্থগিত শেরপুর-৩ আসনের ভোটার সংখ্যা চার লাখ ৯ হাজার ৮০৬ জন। নির্বাচনে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রের মধ্যে অর্ধেকের বেশি ধুঁকিপূর্ণ হলেও কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সংসদ নির্বাচনে সহিংসতা, জাল ভোটসহ বিভিন্ন অনিয়মে কমবেশি অনেক কেন্দ্রের ভোট স্থগিত বা বাতিল করা হয়ে থাকলেও এবার কোনো কেন্দ্রের ফলাফল স্থগিত হয়নি।

প্রথমবারের মতো এবার সংসদ নির্বাচনে ভোটাররা বড় পরিসরে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। এর আগে আইনে পোস্টাল ব্যালটে ভোটদানের সুযোগ থাকলেও এর প্রচলন ছিল না। ইসির তথ্যানুযায়ী, ১০ লাখ ৭৩ হাজার ৪৯৭ জন পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। এর মধ্যে প্রবাসী চার লাখ ৭১ হাজার ৯৭৩ জন এবং দেশের ছয় লাখ এক হাজার ৫২৪ জন। প্রায় ১ শতাংশ ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন।

সর্বাধিক পঠিত


ভিডিও