
নরসিংদী-২ আসনে পরাজয়ের পর জোটভুক্ত শরিক দলের বিরুদ্ধে ‘গাদ্দারি’র অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী সারওয়ার তুষার।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট গ্রহণ শেষে রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ তোলেন।
সারওয়ার তুষার বলেন, ‘আমজাদের এই গাদ্দারি বাংলাদেশ মনে রাখবে।’
স্ট্যাটাসে নরসিংদী-২ আসনের ফলাফল তুলে ধরেন তিনি। এই আসনে সব কটি কেন্দ্রের চূড়ান্ত ফল অনুযায়ী ধানের শীষের ড. আবদুল মঈন খান পেয়েছেন ৫৭ হাজার ৬৯৪ ভোট, শাপলা কলি প্রতীকের প্রার্থী পেয়েছেন ১৪ হাজার ৫৬৭ ভোট ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৩৬ হাজার ৬৬৯ ভোট।
সারওয়ার তুষার বলেন, ‘জোটের ভোট ভাগ হওয়ায় বিএনপির প্রার্থী ৬ হাজার ৪৫৮ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। নরসিংদী-২ আসনের জামায়াত প্রার্থী, জোটের বিরুদ্ধে গাদ্দারি না করলে, ব্যালটে দাঁড়িপাল্লা না থাকলে এবং জামায়াতের তৃণমূল জোটের পক্ষে অবিভক্তভাবে পূর্ণ সহযোগিতাসহ কাজ করতে পারলে নরসিংদী-২ আসনে এগার দলীয় জোট অন্তত ১০/১৫ হাজার ভোটের ব্যবধানে জয় লাভ করত।’তুষার আরও বলেন, ‘ভোটাররা যখন দেখেছে পলাশে জোট ফাংশন করছে না, আমাদের ভোটাররাও তখন ধানের শীষে ভোট দিয়েছে। এ ছাড়া দিনভর কেন্দ্রে কেন্দ্রে বিএনপির নেতাকর্মীদের সরব উপস্থিতি ও প্রভাব বিস্তারের চেষ্টার পাশাপাশি এগার দলীয় জোটের নিষ্ক্রিয়তা ভোটের মাঠকে প্রভাবিত করেছে।’
এনসিপির এই প্রার্থী আরও বলেন, ‘ইলেকশনটা আমাকে ধানের শীষ ও দাঁড়িপাল্লার বিরুদ্ধে একযোগে করতে হয়েছে। ব্যালটে দাঁড়িপাল্লা না থাকলে এই আসনের নির্বাচনের ফলাফল বাংলাদেশকে বিস্মিত ও উদ্বেলিত করত।’