বাংলাদেশ

ঢাবি ক্যাম্পাসে মেসুত ওজিল ও এরদোয়ান পুত্র

14227_IMG_3919.jpeg

জার্মানির ২০১৪ বিশ্বকাপজয়ী ফুটবল তারকা মেসুত ওজিল এবং তুরস্কের প্রেসিডেন্টের পুত্র বিলাল এরদোয়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আসেন তারা। বিশ্ববিদ্যালয়ের শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন উপলক্ষে তারা ঢাবিতে এসেছেন বলে জানিয়েছেন ডাকসু নেতারা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সূত্রে জানা গেছে, তুর্কি সরকারের আওতাধীন উন্নয়ন সংস্থা টিকা শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে সহযোগিতা করছে। ওই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনেই মূলত ঢাবিতে আসেন মেসুত ওজিল।

ডাকসুর ক্রিড়া সম্পাদক আরমান হোসেন জানান ইতোমধ্যে এ প্রকল্পের মাধ্যমে মেডিকেল সেন্টারটি প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকা সহায়তা পেয়েছে।

জানা গেছে, মেসুত ওজিল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশে পৌঁছান। ঢাবিতে প্রকল্প উদ্বোধনের পর আগামীকাল তিনি রোহিঙ্গা ক্যাম্পে একটি ইফতার কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। সফর শেষে রাতেই তার দেশ ছাড়ার কথা।

এর আগে ঢাকায় অবস্থানকালে রাজধানীর একটি হোটেলে মেসুত ওজিলের সঙ্গে বিলাল এরদোয়ানের সাক্ষাৎ হয়। সেখান থেকেই তারা একসঙ্গে ঢাবির মেডিকেল সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তবে ওজিলের আগমন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থী সাব্বির ইসলাম অভিযোগ করেছেন, এত বড় একজন ক্রীড়া তারকার ঢাবিতে আগমনের বিষয়টি আগে থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তাদের দাবি, খুব অল্প সময় আগে কেবল সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্টের মাধ্যমে বিষয়টি জানা যায়। এতে করে ওজিলের ভক্ত শিক্ষার্থীরা তাকে দেখার ও সাক্ষাৎ পাওয়ার যথাযথ সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।

এ বিষয়ে শিক্ষার্থীদের একাংশ বলছেন, ভবিষ্যতে এমন আন্তর্জাতিক ব্যক্তিত্বের আগমনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ডাকসুর আরও স্বচ্ছ ও আগাম যোগাযোগ থাকা প্রয়োজন, যাতে শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পান।

সর্বাধিক পঠিত


ভিডিও