যুক্তরাজ্য

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০২
আরও খবর

বেনিফিটের প্রায় ৯ লাখ পাউন্ড আত্মসাৎ, কাউন্সিল কর্মীর ৪ বছর ৮ মাসের কারাদণ্ড

14288_IMG_2809.jpeg

বেনিফিটভোগী ও আর্থিকভাবে অক্ষম নাগরিকদের জন্য সংরক্ষিত তহবিল থেকে প্রায় ৯ লাখ পাউন্ড আত্মসাতের দায়ে এক কাউন্সিল কর্মীকে চার বছর আট মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত Richard Shaw বোল্টন কাউন্সিলের আর্থিক সুরক্ষা দলে কর্মরত ছিলেন।

আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০১৫ সালের ৫ মে থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি মোট ৮৯৩,২৯৬ পাউন্ড আত্মসাৎ করেন। তিনি ২১৭ জন সেবাগ্রহীতার আর্থিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন। তাদের মধ্যে ৪৩ জন মৃত্যুবরণ করেছিলেন এবং সংশ্লিষ্ট অর্থ উত্তরাধিকারী বা রাষ্ট্রের নিকট হস্তান্তরের অপেক্ষায় ছিল। ওই অর্থ তিনি নিজের নামে থাকা নয়টি পৃথক ব্যাংক হিসাবে স্থানান্তর করেন।

২০২৩ সালে কয়েকটি হিসাব অস্বাভাবিকভাবে কমে যাওয়া এবং অনিয়মিত অভ্যন্তরীণ লেনদেনের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়। পরে তার ব্যয়ের ধরন বিশ্লেষণে দেখা যায়, তিনি দুটি বিএমডব্লিউ গাড়ি ক্রয় করেন এবং ল্যাঙ্কাশায়ারের রিবল ভ্যালিতে প্রায় ১ লাখ পাউন্ড মূল্যের একটি হলিডে লজ কেনেন। এছাড়া বিভিন্ন নারীর কাছে ‘ট্রিট’, ‘অ্যালাউন্স’সহ বিভিন্ন উল্লেখে মোট ৫৩ হাজার পাউন্ডের বেশি অর্থ প্রেরণের প্রমাণ পাওয়া যায়।

অভিযোগের ভিত্তিতে Greater Manchester Police তাকে প্রতারণা ও অর্থপাচারের সন্দেহে গ্রেপ্তার করে। তার বাসভবনে তল্লাশি চালিয়ে একাধিক উচ্চমূল্যের সামগ্রী জব্দ করা হয়। একই বছর মার্চে গুরুতর অসদাচরণের অভিযোগে Bolton Council তাকে বরখাস্ত করে।

প্রথমদিকে অভিযোগ অস্বীকার করলেও ২০২৫ সালের ডিসেম্বর মাসে এক শুনানিতে তিনি দোষ স্বীকার করেন। দণ্ডাদেশ ঘোষণার সময় বিচারক মন্তব্য করেন, অভিযুক্ত ব্যক্তি তার দায়িত্বের সুযোগ নিয়ে সুপরিকল্পিতভাবে দুর্বল ও অসহায় মানুষের আস্থার অপব্যবহার করেছেন।

অভিযোগপক্ষ জানায়, কাউন্সিলের অভ্যন্তরীণ ব্যাংকিং ব্যবস্থার বিষয়ে তার বিশদ জ্ঞান ছিল এবং সেই জ্ঞান ব্যবহার করে তিনি নিয়ন্ত্রণব্যবস্থা এড়িয়ে অর্থ আত্মসাৎ করেন। সংশ্লিষ্ট সময়ে তার মোট নেট আয় ছিল ১ লাখ ৬১ হাজার ৪৯৮ পাউন্ড, যা তার বিলাসী ব্যয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ছিল।

রায়ের পর প্রসিকিউশন জানায়, সমাজের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের সুরক্ষার দায়িত্বে থেকেও তিনি দীর্ঘ আট বছর ধরে পরিকল্পিতভাবে তহবিল আত্মসাৎ করেছেন। কাউন্সিল নিশ্চিত করেছে, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আর্থিক ক্ষতি পূরণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট ভাতার ঘাটতি সমন্বয় করা হয়েছে।

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও