যুক্তরাজ্য

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০২
আরও খবর

যুক্তরাজ্যে লাইফটাইম আইএসএ থেকে নিজের সঞ্চয় তুলতেই গুনতে হচ্ছে £১৩,৫০০ জরিমানা, বিপাকে সঞ্চয়কারীরা

14310_0fe5081d-08e8-4faf-8b9e-bb081049d00d.jpeg

যুক্তরাজ্যে হাজার হাজার সঞ্চয়কারী লাইফটাইম আইএসএ থেকে নিজের টাকা তুলতে গিয়ে বড় অঙ্কের জরিমানার মুখে পড়ছেন। সমালোচকরা বলছেন, বর্তমান বাজার বাস্তবতায় এই স্কিম আর কার্যকর নেই।

২০২৪ থেকে ২০২৫ কর বছরে প্রায় ১ লাখ ২৯ হাজার ২০০ জন সঞ্চয়কারী নিয়মের বাইরে টাকা তোলায় চার্জের শিকার হয়েছেন। অন্যদিকে মাত্র ৮৭ হাজার জন তাদের সঞ্চয় ব্যবহার করতে পেরেছেন প্রথম বাড়ি কেনার জন্য।

যাদের ওপর চার্জ পড়েছে, তাদের গড় জরিমানা ছিল প্রায় £৭৯০। তবে অনেক ক্ষেত্রে ক্ষতির পরিমাণ অনেক বেশি, গড় হিসেবে বড় অঙ্কের জরিমানা দাঁড়িয়েছে £১৩,৫০০, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। বর্তমানে সারা দেশে প্রায় ১৬ লাখ সক্রিয় লাইফটাইম আইএসএ অ্যাকাউন্ট রয়েছে।

লাইফটাইম আইএসএ কীভাবে কাজ করে?

২০১৭ সালে তৎকালীন চ্যান্সেলর George Osborne এই স্কিম চালু করেন। ১৮ থেকে ৩৯ বছর বয়সীরা বছরে সর্বোচ্চ £৪,০০০ পর্যন্ত জমা রাখতে পারেন। সরকার ২৫ শতাংশ বোনাস দেয়, সর্বোচ্চ £১,০০০ পর্যন্ত।

তবে শর্ত কঠোর। টাকা ব্যবহার করা যাবে প্রথম বাড়ি কেনার জন্য, যদি সেই বাড়ির মূল্য £৪৫০,০০০ বা তার কম হয়। অথবা ৬০ বছর বয়সের পর অবসরকালীন সঞ্চয় হিসেবে তোলা যাবে। এর বাইরে টাকা তুললে ২৫ শতাংশ জরিমানা কাটা হয়।

সমস্যা হলো, বিশেষ করে লন্ডন ও আশপাশের এলাকায় বাড়ির দাম অনেক বেড়ে গেছে। ফলে অনেক প্রথমবারের ক্রেতা £৪৫০,০০০ সীমার মধ্যে উপযুক্ত বাড়ি পাচ্ছেন না। সীমার বাইরে বাড়ি কিনতে গেলে লাইফটাইম আইএসএ থেকে টাকা তুললেই জরিমানা দিতে হচ্ছে।

পরিবর্তনের দাবি

যুক্তরাজ্যের সংসদের Treasury Committee প্রশ্ন তুলেছে, এই স্কিম কি আসলেই সঠিকভাবে মানুষকে সহায়তা করছে?

কমিটির চেয়ার Dame Meg Hillier বলেছেন, প্রথমবারের বাড়ি ক্রেতা ও তরুণদের অবসর সঞ্চয়ে সহায়তার লক্ষ্য সঠিক। তবে বিলিয়ন পাউন্ড ব্যয় করে এই স্কিম চালু রাখা কতটা কার্যকর, সেটি এখন নতুন করে ভাবার সময় এসেছে।

সরকার আইএসএ সংস্কার নিয়ে ভাবছে। ফলে লাইফটাইম আইএসএ-এর সম্পত্তির মূল্যসীমা ও জরিমানার নিয়ম বদলানোর দাবি জোরালো হচ্ছে।

উচ্চ ভাড়া, বাড়তি ডিপোজিট আর বাড়ির আকাশছোঁয়া দামের চাপে থাকা তরুণদের প্রশ্ন এখন একটাই — নিজের সঞ্চয় তুলতেই কেন শাস্তি?

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও