
যুক্তরাজ্যে নবগঠিত রাজনৈতিক দল ‘ইওর পার্টি’র নেতৃত্ব নির্বাচনে জয়ী হয়েছেন দলটির অন্যতম প্রতিষ্ঠাতা জেরেমি করবিন। নেতৃত্ব নির্বাচনে তাঁর সমর্থিত গোষ্ঠী সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় তিনি দলটির পার্লামেন্টারি নেতা হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন এবং ওয়েস্টমিনস্টারে দলের প্রতিনিধিত্ব করবেন।
দলটির ২৪ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচনে করবিনের প্যানেল ‘দ্য মেনি’ ১৪টি আসন অর্জন করেছে। অপর প্রতিষ্ঠাতা জারা সুলতানার সমর্থিত প্যানেল ‘গ্রাসরুটস লেফট’ পেয়েছে ৭টি আসন। বাকি ৩টি আসন গেছে স্বতন্ত্র প্রার্থীদের কাছে। নেতৃত্ব নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে করবিন ও সুলতানার মধ্যে টানাপোড়েন চলছিল। উভয়েই কেন্দ্রীয় নির্বাহী কমিটির ‘পাবলিক অফিস হোল্ডারস’ শাখায় প্রার্থী হয়েছিলেন।
নির্বাচনে ২৫ হাজারের বেশি সদস্য ভোট দেন। ফলাফল ঘোষণার পর বৃহস্পতিবার সকালে দেওয়া এক বিবৃতিতে করবিন দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দেশের জন্য একটি সাহসী ও সুস্পষ্ট ভিশন নিয়ে এগিয়ে যাওয়ার এখনই সুযোগ। তাঁর ভাষায়, আরও যত্নশীল, সমতাভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ গঠনে দলকে একসঙ্গে কাজ করতে হবে।
করবিন আরও বলেন, যুক্তরাজ্য বর্তমানে একটি সংকটময় সময়ে রয়েছে। বিভাজন ও বর্ণবাদের রাজনীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়ার প্রয়োজন আছে। তিনি দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, বৈষম্যে ক্লান্ত, দারিদ্র্যে ক্ষমতাহীন এবং যুদ্ধে ক্ষুব্ধ মানুষের জন্য আশা তৈরি করতে হবে।
অন্যদিকে, দলটির প্রতিষ্ঠাকাল থেকেই অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। লিভারপুলে অনুষ্ঠিত প্রতিষ্ঠা সম্মেলনের প্রথম দিন সুলতানা বর্জন করেন, অভিযোগ ওঠে তাঁর কয়েকজন সমর্থককে অংশগ্রহণ থেকে বিরত রাখা হয়েছে। এছাড়া শুরুতে আন্দোলনে যুক্ত হওয়া কয়েকজন এমপিও পরবর্তীতে পদত্যাগ করেন। এসব টানাপোড়েনের মধ্যেই নেতৃত্ব নির্বাচনের ফল দলটির ভবিষ্যৎ দিকনির্দেশনায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা।