
যুক্তরাজ্যে ২০২৫ সালে সবচেয়ে বেশি চুরি হওয়া গাড়ির তালিকায় শীর্ষে উঠে এসেছে জনপ্রিয় মডেল Ford Fiesta। ড্রাইভার অ্যান্ড ভেহিকল লাইসেন্সিং এজেন্সি (DVLA) এর পরিসংখ্যান ও অটোমোবাইল সাময়িকী What Car? এর গবেষণায় দেখা গেছে, চলতি বছরে মোট ৩,৫১১টি ফিয়েস্তা চুরি হয়েছে, যা তালিকার দ্বিতীয় স্থানে থাকা Volkswagen Golf–এর তুলনায় দ্বিগুণেরও বেশি। গলফ মডেল চুরি হয়েছে ১,৬২৫টি।
দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে যুক্তরাজ্যের সর্বাধিক বিক্রিত নতুন গাড়ি ছিল ফিয়েস্তা। ফলে সারা দেশে বিপুল সংখ্যক এই মডেল রাস্তায় থাকায় চোরচক্রের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এটি। ২০২৩ সালে নির্মাতা প্রতিষ্ঠান Ford Motor Company ফিয়েস্তা উৎপাদন বন্ধ করার পর ব্যবহৃত যন্ত্রাংশের চাহিদা বেড়ে যায়, যা চুরির অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে Ford Focus, যার ১,৪৭৪টি গাড়ি চুরি হয়েছে। এর পরেই আছে Toyota RAV4 (১,৩১৯টি) এবং BMW 3 Series (১,২৪৯টি)। বিলাসবহুল গাড়িও চোরদের হাত থেকে রক্ষা পায়নি; প্রায় ৯০০টি Range Rover Evoque চুরির ঘটনা নথিভুক্ত হয়েছে। একই সঙ্গে পারিবারিক ব্যবহারের পরিচিত মডেল Ford Kuga ও Kia Sportageও চুরির তালিকায় রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, উচ্চ চাহিদাসম্পন্ন যন্ত্রাংশ, কী-লেস এন্ট্রি প্রযুক্তির অপব্যবহার এবং সংগঠিত চক্রের সক্রিয়তার কারণে গাড়ি চুরি আশঙ্কাজনক হারে বাড়ছে। হোয়াট কার এর কনজিউমার এডিটর ক্লেয়ার ইভানস সতর্ক করে বলেছেন, ছোট ও তুলনামূলক কমদামি মডেল যেমন Nissan Juke ও Vauxhall Corsa ও এখন ঝুঁকির মধ্যে। তিনি গাড়ির মালিকদের স্টিয়ারিং লক ব্যবহার এবং চাবি ফ্যারাডে পাউচে সংরক্ষণের মতো সহজ সুরক্ষা ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন।
পরিসংখ্যান বলছে, জনপ্রিয়তা যত বেশি, ঝুঁকিও তত বেশি, আর তাই গাড়ির নিরাপত্তায় এখনই বাড়তি সতর্কতা জরুরি।