
যুক্তরাজ্যের Thames Valley Police এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে এবার শুধু অটোমেটিক গাড়ি চালানোর লাইসেন্সধারীদের জন্যও পুলিশে চাকরির আবেদন উন্মুক্ত করেছে। এতদিন পর্যন্ত আবেদনকারীদের জন্য ম্যানুয়াল ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক ছিল, তবে পরিবর্তিত পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা বিবেচনা করে বাহিনীটি তাদের নিয়োগ নীতিতে এই গুরুত্বপূর্ণ পরিবর্তন আনলো।
পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে তাদের ৮০ শতাংশেরও বেশি রেসপন্স গাড়ি অটোমেটিক। আগামী কয়েক বছরে পুরোনো যানবাহন বদলে নতুন গাড়ি যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে এই হার আরও বাড়বে। বিশেষ করে ২০৩০ সাল থেকে যুক্তরাজ্যে নতুন পেট্রোল ও ডিজেলচালিত গাড়ি বিক্রি বন্ধের সরকারি পরিকল্পনার কারণে বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ির ব্যবহার দ্রুত বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ২০৩৫ সালের পর শুধুমাত্র শূন্য নির্গমন যানবাহন বিক্রি হবে, এমন নীতিও ইতোমধ্যে নির্ধারিত রয়েছে।
থেমস ভ্যালি পুলিশের ওয়ার্কফোর্স পরিকল্পনা বিভাগের প্রধান সুপারিনটেনডেন্ট কার ম্যাককে এই সিদ্ধান্তকে “সময়োপযোগী ও বাস্তবসম্মত পদক্ষেপ” হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, অধিকাংশ ফ্রন্টলাইন গাড়িই ইতোমধ্যে অটোমেটিক এবং প্রযুক্তিগত উন্নয়নের ফলে যুক্তরাজ্যের গাড়ি শিল্প ধীরে ধীরে ম্যানুয়াল গিয়ারবক্স থেকে সরে আসছে। নিয়োগের শর্ত শিথিল করার মাধ্যমে আরও বেশি যোগ্য ও আগ্রহী প্রার্থীর জন্য সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
Driver and Vehicle Standards Agency (ডিভিএসএ)-এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২৪ সালে নেওয়া ১৮ লাখ ড্রাইভিং পরীক্ষার মধ্যে প্রায় ৪ লাখ ৭০ হাজার পরীক্ষাই ছিল অটোমেটিক গাড়িতে। ২০১২-১৩ সালে যেখানে মাত্র ৬ শতাংশ পরীক্ষা অটোমেটিকে নেওয়া হয়েছিল, সেখানে গত বছর তা বেড়ে প্রায় ২৫ শতাংশে পৌঁছেছে। ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসজুড়ে ক্রমবর্ধমান সংখ্যক নতুন চালক এখন ম্যানুয়ালের পরিবর্তে অটোমেটিক গাড়ির পরীক্ষাই বেছে নিচ্ছেন।
এছাড়া গাড়িচালকদের সংগঠন The AA মত দিয়েছে যে, বর্তমান প্রেক্ষাপটে অনেকের কাছেই ম্যানুয়াল গাড়ি চালানো শেখা অপ্রয়োজনীয় হয়ে উঠছে, বিশেষ করে তরুণ প্রজন্ম যারা ভবিষ্যতে বৈদ্যুতিক অটোমেটিক গাড়ি চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে পুলিশ কনস্টেবল ও ডিটেকটিভ কনস্টেবল পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা পূর্ণাঙ্গ যুক্তরাজ্য অটোমেটিক অথবা ম্যানুয়াল, যেকোনো একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলেই আবেদন করতে পারবেন। পুলিশ বাহিনী আশা করছে, এই পরিবর্তনের মাধ্যমে আরও বৈচিত্র্যময় ও দক্ষ জনবল নিয়োগ সম্ভব হবে।