
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে। তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। খবরে বলা হয়েছে, শনিবার ভোররাতে নিজ কার্যালয়ে দায়িত্ব পালনকালে তিনি নিহত হন।
ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়, ভোরের দিকে তার ওপর হামলা চালানো হয়। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান বলে দাবি করা হয়েছে। তবে হামলার বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
ঘটনার পর ইরান সরকার ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একই সঙ্গে সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময়ে দেশজুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে বলে জানানো হয়েছে।
আয়াতুল্লাহ আলি খামেনি দীর্ঘ সময় ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে দেশটির রাজনৈতিক অঙ্গনে গভীর প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।