সারা বিশ্ব

ইরান সংকট তীব্রতর, সাইপ্রাসে যুদ্ধজাহাজ এইচএমএস ড্রাগন মোতায়েনের ঘোষণা স্টারমারের

14518_1_Type-45-Destroyer.jpg

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সাইপ্রাসে ব্রিটিশ বিমানঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলার পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যুদ্ধজাহাজ এইচএমএস ড্রাগন ও ড্রোন প্রতিরোধ সক্ষম হেলিকপ্টার মোতায়েনের ঘোষণা দিয়েছেন। তিনি জানান, সাইপ্রাসে অবস্থানরত ব্রিটিশ সামরিক সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

রয়্যাল নেভির এইচএমএস ড্রাগন ছয়টি আকাশ প্রতিরক্ষা ডেস্ট্রয়ার জাহাজের একটি এবং একে বিশ্বের অন্যতম আধুনিক যুদ্ধজাহাজ হিসেবে বর্ণনা করা হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক ইরান হামলার পর মধ্যপ্রাচ্যে যে সংকট তীব্র আকার ধারণ করেছে, তারই প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত এলো।

রোববার সাইপ্রাসের রয়্যাল এয়ার ফোর্স ঘাঁটি আরএএফ আক্রোটিরি ড্রোন হামলার শিকার হয়। যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি ঘটনাটিকে গভীর উদ্বেগজনক বলে উল্লেখ করেন। তিনি বলেন, এটি অঞ্চলজুড়ে ইরান ও তাদের মিত্রদের বিপজ্জনক ও নির্বিচার হামলার একটি উদাহরণ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী স্টারমার বলেন, যুক্তরাজ্য সাইপ্রাস ও সেখানে অবস্থানরত ব্রিটিশ সামরিক সদস্যদের নিরাপত্তার ব্যাপারে পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, প্রতিরক্ষামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে এবং সাইপ্রাসের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে তিনি ড্রোন প্রতিরোধ সক্ষম হেলিকপ্টার ও এইচএমএস ড্রাগন অঞ্চলটিতে পাঠানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি আরও বলেন, যুক্তরাজ্য সবসময় নিজেদের ও মিত্রদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

বিশ্লেষকরা মনে করছেন, সাইপ্রাসে সামরিক শক্তি জোরদারের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে যুক্তরাজ্যের কৌশলগত অবস্থানকে আরও স্পষ্ট করে তুলেছে।

সর্বাধিক পঠিত


ভিডিও