খেলাধুলা

হাঁটুর চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন রদ্রিগো

14526_IMG_5495.jpeg

যেকোনো ফুটবলারের জন্যই ফিফা বিশ্বকাপ একটি স্বপ্নের আসর। কিন্তু হাঁটুর গুরুতর চোটে মৌসুমের বাকি সময়ের পাশাপাশি আসন্ন বিশ্বকাপ থেকেও ছিটকে গেলেন ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো। আবেগঘন এক বার্তায় স্বপ্ন ভঙের কথা নিজেই লিখেছেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলা এ ফরোয়ার্ড।

ক্লাব থেকে আগেই নিশ্চিত করা হয়েছিল, তাদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগোর ডান হাঁটুতে এসিএল ছিঁড়ে যাওয়ার সঙ্গে মেনিস্কাসেও ক্ষতি হয়েছে। তখন থেকেই সংশয় তৈরি হয়, দীর্ঘ সময়ের জন্য তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে, এমনকি বিশ্বকাপও মিস হতে পারে। চোটের খবর প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই সামাজিক মাধ্যমে নীরবতা ভাঙলেন রদ্রিগো নিজেও।

আবেগঘন এক বার্তায় ২৫ বছর বয়সী এই ফুটবলার সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘এটা আমার জীবনের সবচেয়ে খারাপ দিনগুলোর একটি… এই চোটকে আমি সবসময় ভয় পেতাম। হয়তো জীবন সাম্প্রতিক সময়ে আমার প্রতি একটু নিষ্ঠুরই হয়েছে।’তিনি আরও বলেন, ‘আমি জানি না, এই মুহূর্তে আমি এটার প্রাপ্য ছিলাম কিনা। কিন্তু অভিযোগই বা করব কী নিয়ে? জীবনে এত অসাধারণ মুহূর্ত পেয়েছি, যেগুলোও হয়তো আমি প্রাপ্য ছিলাম না।’চোটের ধাক্কাকে ক্যারিয়ারের বড় বাধা হিসেবে উল্লেখ করে রদ্রিগো লেখেন, ‘আমার জীবন ও ক্যারিয়ারে একটি বড় প্রতিবন্ধকতা এসে দাঁড়িয়েছে। কিছু সময়ের জন্য আমি যা সবচেয়ে বেশি ভালোবাসি, সেটাই করতে পারব না, আজ সেটাই ঘটেছে।’

 ক্লাব ও দেশের হয়ে স্বপ্নভঙ্গের হতাশা স্পষ্ট তার কথায়। তিনি বলেন, ‘ক্লাবের হয়ে মৌসুমের বাকি অংশে আমি নেই, দেশের হয়ে বিশ্বকাপেও খেলতে পারছি না। সবাই জানে, এই স্বপ্নটা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল। এখন শক্ত থাকা ছাড়া আর কিছু করার নেই। এটা আমার জীবনে নতুন কিছু নয়।’

 সমর্থকদের উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন, ‘আপনাদের প্রার্থনা, বার্তা ও ভালোবাসার জন্য ধন্যবাদ। আপনারা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। সময়টা কঠিন, কিন্তু আমি এখানে থেমে থাকব না, এই প্রতিশ্রুতি দিচ্ছি।’

 আশাবাদী সুরে বার্তা শেষ করে রদ্রিগো বলেন, ‘আমি বিশ্বাস করি, সামনে আরও অনেক অসাধারণ মুহূর্ত আছে, যেগুলোতে আমি বাঁচব এবং যারা আমার ওপর বিশ্বাস রাখে, তাদের আনন্দ দিতে পারব। এটা কেবল একটি সাময়িক বিরতি… ঈশ্বরের হাতে সবকিছুর নিয়ন্ত্রণ।’

২০১৯ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকে ব্রাজিলের একজন নিয়মিত ও গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছিলেন রদ্রিগো। ২০২২ সালে খেলেছেন কাতার বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া আসরেও তিনি ছিলেন কোচ কার্লো আনচেত্তির পরিকল্পনায়। তবে হঠাৎ পাওয়া হাঁটুর চোট তাকে ছিটকে দিলো ক্যারিয়ারের টানা দ্বিতীয় বিশ্বকাপের মঞ্চ থেকে।

সর্বাধিক পঠিত


ভিডিও