
ন্যাশনাল ইন্স্যুরেন্স (এনআই) নম্বরধারী সবার জন্য সতর্কবার্তা জারি করেছে HM Revenue and Customs। সাম্প্রতিক এক বার্তায় সংস্থাটি জোর দিয়ে বলেছে, এই গুরুত্বপূর্ণ নম্বর কেবল প্রয়োজনীয় ক্ষেত্রেই শেয়ার করতে হবে, অন্যথায় তা পরিচয় চুরি ও জালিয়াতির ঝুঁকি বাড়াতে পারে।
এইচএমআরসি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, নাগরিকদের তাদের ন্যাশনাল ইন্স্যুরেন্স নম্বর সহজে হাতের কাছে রাখতে হবে, তবে তা কেবল প্রয়োজন হলেই ব্যবহার করতে হবে। সংস্থাটি পরামর্শ দিয়েছে, সরকারি মোবাইল অ্যাপ ডাউনলোড করে সেখানে নম্বর সংরক্ষণ করলে যে কোনো সময় তা নিরাপদে দেখা যাবে এবং ফোনের ডিজিটাল ওয়ালেটেও রাখা সম্ভব।
যুক্তরাজ্যে সাধারণত ১৬ বছর পূর্ণ হওয়ার আগেই একজন নাগরিককে ন্যাশনাল ইন্স্যুরেন্স নম্বর দেওয়া হয় এবং এটি আজীবন একই থাকে। ব্যক্তির কর ও ন্যাশনাল ইন্স্যুরেন্স অবদান সঠিকভাবে তার নামে নথিভুক্ত রাখতে এই নম্বর ব্যবহৃত হয়। দুইটি অক্ষর, ছয়টি সংখ্যা এবং শেষে একটি অক্ষর নিয়ে নম্বরটি গঠিত হয়, যেমন QQ123456B। পেস্লিপ বা পি৬০-এর মতো কর-সংক্রান্ত নথিতে এটি উল্লেখ থাকে।
সরকারি ওয়েবসাইট GOV.UK জানিয়েছে, ন্যাশনাল ইন্স্যুরেন্স নম্বর যাচাইয়ের দ্রুত ও সহজ উপায় হলো এইচএমআরসি অ্যাপ ব্যবহার করা। অ্যাপের মাধ্যমে কর কোড, আয় ও ভাতার তথ্য, গত পাঁচ বছরের চাকরি ও আয়ের রেকর্ড, সেলফ অ্যাসেসমেন্টের জন্য ইউনিক ট্যাক্সপেয়ার রেফারেন্স (ইউটিআর), বকেয়া কর, চাইল্ড বেনিফিট সংক্রান্ত তথ্য, স্টেট পেনশনের সম্ভাব্য পরিমাণ এবং ন্যাশনাল ইন্স্যুরেন্স অবদানের ঘাটতির তথ্য জানা যায়।
অ্যাপটি অ্যাপল অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যায়। প্রথমবার লগইনের সময় গভার্নমেন্ট গেটওয়ে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করতে হয়। ইউজার আইডি না থাকলে অ্যাপ থেকেই তা তৈরি করা সম্ভব। পরবর্তীতে ছয় সংখ্যার পিন, ফিঙ্গারপ্রিন্ট বা ফেসিয়াল রিকগনিশনের মাধ্যমে সাইন ইন করা যায়।
এইচএমআরসি স্পষ্টভাবে জানিয়েছে, পরিচয় জালিয়াতি রোধে ন্যাশনাল ইন্স্যুরেন্স নম্বর এমন কারও সঙ্গে শেয়ার করা যাবে না, যার প্রকৃতপক্ষে এটি প্রয়োজন নেই। সাধারণত এই নম্বর প্রয়োজন হতে পারে এইচএমআরসি, নিয়োগকর্তা, ভাতা সংক্রান্ত দাবির ক্ষেত্রে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনস, স্থানীয় কর্তৃপক্ষ, ভোটার নিবন্ধন কর্মকর্তা, স্টুডেন্ট লোন কোম্পানি, পেনশন প্রদানকারী প্রতিষ্ঠান, আইএসএ প্রদানকারী বা অনুমোদিত আর্থিক সেবা প্রতিষ্ঠানের কাছে।
বিশেষজ্ঞরা বলছেন, এনআই নম্বর ব্যবহার করে ভুয়া ভাতা আবেদন বা অনুমতি ছাড়াই ঋণ নেওয়ার মতো অপরাধ ঘটতে পারে। তাই ব্যক্তিগত এই নম্বর নিরাপদে সংরক্ষণ ও সতর্কতার সঙ্গে ব্যবহার করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।