
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি দেশের বিমান চলাচল। এর ফলে অনেক বাংলাদেশি এসব দেশে আটকা পড়েছেন। এমন প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়িয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বিশেষ দুটি ফ্লাইট পরিচালনা করছে সংস্থাটি।
এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশিকে নিয়ে দেশে ফিরেছে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৭টা ৭ মিনিটে ফ্লাইটটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। বিমানবন্দর সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
এক বিজ্ঞপ্তিতে ইউএস বাংলা কর্তৃপক্ষ জানিয়েছিল, বৃহস্পতিবার দ্বিতীয় বিশেষ ফ্লাইটটি একই বিমানবন্দর থেকে বিকাল ৫টা ১৫ মিনিটে দুবাইয়ের উদ্দেশে উড্ডয়ন করবে। ফিরতি ফ্লাইটটি দুবাই থেকে স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার উদ্দেশে ছাড়বে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় দুবাই এয়ারপোর্ট অথরিটি ইউএস-বাংলা এয়ারলাইন্স, এমিরেটস ও এয়ার ইন্ডিয়াসহ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। যেসব বাংলাদেশি যাত্রীর ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে অথবা শিগগিরই শেষ হতে যাচ্ছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্রমণের সুযোগ দেওয়া হবে।