
যুক্তরাজ্যের ক্রয়ডনে বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার ক্রয়ডনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায়, গত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঐতিহাসিক বিজয়ে শুকরিয়া আদায় এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে ক্রয়ডনের সেলসডন এলাকার একটি স্থানীয় রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যুক্তরাজ্যে বসবাসরত বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রয়ডন বিএনপি পরিবারের সভাপতি জিয়ার আহমদ। শুরুতেই তিনি উপস্থিত সকল অতিথিকে স্বাগত জানান এবং সংক্ষিপ্ত বক্তব্যে আয়োজকদের উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ নজমুল হক সাদিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আহ্বায়ক আবুল কালাম আজাদ। তিনি তার বক্তব্যে বলেন, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার রক্ষার জন্য বিএনপি দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে। সাম্প্রতিক জাতীয় নির্বাচনে জনগণের ঐক্যবদ্ধ সমর্থনের ফলে বিএনপির বিজয় দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আশার সঞ্চার করেছে।
তিনি আরও বলেন, দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক, উন্নত ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিপু জায়গিরদার, শিমুল তাজবীর চৌধুরী, মহান চৌধুরী, বেলাল আহমদ, জাকির হোসেন, কামরুজ্জামান চৌধুরী। বক্তারা তাদের বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্রের পুনরুদ্ধার এবং প্রবাসে বসবাসরত বিএনপি নেতাকর্মীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বিগত সরকারের বিভিন্ন দমন-পীড়ন নীতির সমালোচনা করে বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ রাজনৈতিক নিপীড়ন ও অর্থনৈতিক সংকটে ভুগেছে। বিশেষ করে প্রতি বছর পবিত্র রমজান মাস এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জন্য অসহনীয় হয়ে উঠত। কিন্তু তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর এই প্রথম রমজান মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল থাকায় তারা সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন মুনতাসির রাজা চৌধুরী তিলাত, রফিউল আলম রফি, খালেদ মিয়া, মালেক আহমদ, আব্দুছ ছবুর, জয়নাল মিয়া, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ রহমান, অমর ফারুক, সায়েদ, মামুনসহ আরও অনেকে।
এছাড়া অনুষ্ঠানে যুক্তরাজ্য জাতীয়তাবাদী দল এবং এর অঙ্গসংগঠনের বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষপর্বে মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল আহাদ। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি এবং জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
পরিশেষে উপস্থিত সকল অতিথি একসঙ্গে ইফতার গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।