
যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অব ইংল্যান্ড ঘোষণা দিয়েছে যে ভবিষ্যতের নতুন সিরিজের ব্যাংকনোটে ঐতিহাসিক ব্যক্তিত্বদের ছবির পরিবর্তে যুক্তরাজ্যের বৈচিত্র্যময় বন্যপ্রাণীর ছবি ব্যবহার করা হতে পারে।
এই পরিবর্তনের অংশ হিসেবে সাধারণ মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে, যাতে তারা ভবিষ্যতের নোটে কোন কোন প্রাকৃতিক উপাদান থাকবে সে বিষয়ে মতামত দিতে পারে।
গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে যুক্তরাজ্যের মুদ্রায় গুরুত্বপূর্ণ ব্রিটিশ ব্যক্তিত্বদের ছবি ব্যবহার করা হয়েছে। এর মধ্যে ছিলেন উইনস্টন চার্চিল, অ্যালান টিউরিং এবং জেন অস্টেন। নতুন পরিকল্পনায় সেই দীর্ঘদিনের প্রচলিত ধারায় পরিবর্তন আসতে পারে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বন্যপ্রাণীভিত্তিক নতুন নকশা দেশের আরেকটি গুরুত্বপূর্ণ দিককে তুলে ধরার সুযোগ তৈরি করবে। একই সঙ্গে নতুন নোটগুলোতে উন্নত নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করা হবে, যাতে জাল নোট তৈরি করা কঠিন হয় এবং নিরাপত্তা বৈশিষ্ট্যগুলো সহজে শনাক্ত করা যায়।
জনমতের ভিত্তিতে বন্যপ্রাণী বিষয়ক থিম সবচেয়ে বেশি সমর্থন পেয়েছে। প্রায় ৬০ শতাংশ মানুষ এই থিমকে সমর্থন জানিয়েছেন। এরপর রয়েছে স্থাপত্য ও ঐতিহাসিক স্থাপনা (৫৬ শতাংশ), উল্লেখযোগ্য ঐতিহাসিক ব্যক্তিত্ব (৩৮ শতাংশ), শিল্প সংস্কৃতি ও ক্রীড়া (৩০ শতাংশ), উদ্ভাবন (২৩ শতাংশ) এবং গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মাইলফলক (১৯ শতাংশ)।
এই জনপরামর্শ প্রক্রিয়ায় মোট ৪৪ হাজারের বেশি মতামত পাওয়া গেছে। এর মধ্যে অনলাইন জরিপ, ইমেইল এবং স্কুল ও সাধারণ মানুষের পাঠানো নকশা প্রস্তাবও অন্তর্ভুক্ত ছিল।
আগামী গ্রীষ্মে দ্বিতীয় ধাপের জনপরামর্শ নেওয়া হবে। সেখানে নির্দিষ্ট কোন বন্যপ্রাণী, উদ্ভিদ বা প্রাকৃতিক দৃশ্য নোটে থাকবে তা নিয়ে আরও মতামত চাওয়া হবে।
নতুন ব্যাংকনোট চালু হতে এখনও কয়েক বছর সময় লাগবে। তবে এতে বর্তমান রাজা রাজা চার্লস তৃতীয়–এর প্রতিকৃতি আগের মতোই থাকবে।
নোটের নকশায় যুক্তরাজ্যের চারটি অংশ—ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ড—সবগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পাবে।