বাংলাদেশ

রেলমন্ত্রীকে ফোন করে অঝোরে কাঁদলেন এমপি মনিরুল হক

14800_IMG_7970.jpeg

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ট্রেন দুর্ঘটনায় ১২ জন নিহত হওয়ার ঘটনায় কুমিল্লা-৬ (সদর ও সদর দক্ষিণ) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী রেলমন্ত্রী শেখ রবিউল আলমকে ফোন করে অঝোরে কাঁদেন।

রোববার (২২ মার্চ) সকাল ১০টার দিকে সিঙ্গাপুর থেকে সামাজিক মাধ্যম হোয়াটসঅ্যাপে রেলমন্ত্রীকে ফোন করেন মনিরুল হক। এই কথোপকথনের একটি ভিডিও মনিরুল হক চৌধুরীর ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়।

ভিডিওতে দেখা যায়, সংসদ সদস্য কান্না করতে করতে বলেন, ‘এটা নতুন ঘটনা নয়, গত ১০০ বছর ধরে এমন ঘটনা ঘটছে, কেউ বিচার করে না। আমি সাধ্যমতো চেষ্টা করেছি। তত্ত্বাবধায়ক সরকারের কাছে সব কাগজপত্র আছে রেল সচিবের কাছে। পদুয়ার বাজার ব্যারিকেডে বিগত সময়ে টাকা খরচ হয়েছে, কাজটি শেষ করা সম্ভব হয়নি।”’

মন্ত্রী শেখ রবিউল আলম প্রতিক্রিয়ায় বলেন, ‘আপনি সেদিনও বলেছেন।’

মনিরুল হক চৌধুরী কান্না ভেঙে বলেন, ‘আপনি একটু গিয়ে দেখুন। আমি এ লাশগুলো দেখেও শান্তি পাইনি। ডাক্তার দেখানোর এপয়েন্টমেন্ট থাকলেও আমি চেষ্টা করব ফ্লাইট ধরার। আমি বয়সে বৃদ্ধ হয়ে গেছি।’

মন্ত্রী প্রতিশ্রুতি দেন, ‘আমি যাচ্ছি, যা করার করব।’

সংসদ সদস্য বলেন, ‘আল্লাহ আপনার মঙ্গল করুন। আপনি আমার ডাকে সাড়া দিয়েছেন।’ পুরো কথোপকথনের সময় সংসদ সদস্যকে কান্না করতে দেখা যায়।

প্রসঙ্গত, শনিবার (২১ মার্চ) রাত ৩টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়া মেইল ট্রেন একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। বাসটি অন্তত আধা কিলোমিটার দূরে চলে যায়। প্রথমে ৭ জনের মরদেহ উদ্ধার হলেও পরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ জনে।

ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবও উদ্ধার অভিযানে অংশ নেন। সকাল ৮টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

দুর্ঘটনার প্রেক্ষিতে রেলক্রসিংয়ের দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে। নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা ঘোষণা করেন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান। এ ছাড়া দুর্ঘটনার কারণ উদঘাটনের জন্য তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সর্বাধিক পঠিত


ভিডিও