
লন্ডন, ২৮ মার্চ (শনিবার): পশ্চিম লন্ডনের পার্ক লেন এলাকায় শনিবার ফার-রাইট রাজনীতির বিরুদ্ধে এক বিশাল বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজকদের দাবি, এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় অ্যান্টি-ফার-রাইট সমাবেশগুলোর একটি, যেখানে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
“স্টপ দ্য ফার রাইট” এবং “টুগেদার এগেইনস্ট হেট” স্লোগানে মুখর এই মিছিলটি পার্ক লেন থেকে শুরু হয়ে কেন্দ্রীয় লন্ডনের ট্রাফালগার স্কয়ার ও হোয়াইটহল পর্যন্ত অগ্রসর হয়। মিছিলে বিভিন্ন শ্রমিক সংগঠন, মানবাধিকার সংগঠন, ছাত্র সংগঠন এবং রাজনৈতিক কর্মীরা অংশ নেন।
সমাবেশের আয়োজক জোট Together Alliance জানিয়েছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ লন্ডনে এসে এতে যোগ দেন। তাদের ভাষ্য অনুযায়ী, ফার-রাইট রাজনীতির উত্থান এবং অভিবাসীবিরোধী বক্তব্যের বিরুদ্ধে জনমত গড়ে তোলাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
পুলিশ ও গণমাধ্যম সূত্রে জানা গেছে, সমাবেশে হাল্ফ মিলিয়ন মানুষের উপস্থিতি ছিল বলে ধারণা করা হচ্ছে। এত বড় জনসমাগমের কারণে পার্ক লেন, পিকাডিলি ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
মিছিল শেষে ট্রাফালগার স্কয়ারে অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন বক্তা ফার-রাইট রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বলেন, গণতন্ত্র, বহুত্ববাদ ও মানবাধিকারের সুরক্ষার জন্য সমাজের সব স্তরের মানুষের একসঙ্গে দাঁড়ানো প্রয়োজন।
এদিকে, লন্ডনের মেট্রোপলিটন পুলিশ আগেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছিল। দিনভর বিক্ষোভ চললেও বড় ধরনের সহিংসতার কোনো খবর পাওয়া যায়নি এবং সমাবেশ মূলত শান্তিপূর্ণভাবেই শেষ হয়।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং ইউরোপজুড়ে ডানপন্থী রাজনীতির উত্থানের প্রেক্ষাপটে এই বিক্ষোভ ব্রিটেনের জনমতের একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।