
‘তেল না পেয়ে’ নড়াইলের তুলারাম এলাকায় মেসার্স তানভির ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় আহত করা হয় তার সঙ্গীকে। গতকাল শনিবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। ট্রাকচালক সুজাত মোল্যা পালিয়েছেন। তাকে ধরতে চেষ্টা চলছে।
নিহত নাহিদ সরদার নড়াইল সদর উপজেলার পেড়লী গ্রামের আকরাম সরদারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, যশোর-নড়াইল মহাসড়কসংলগ্ন নড়াইল শহরতলির তুলরামপুর এলাকায় মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনে ট্রাকের ডিজেল নিতে আসেন পেড়লী গ্রামের ট্রাকচালক সুজাত মোল্যা। এ সময় পাম্পে তেল না থাকায় তেল দিতে অপারগতা জানান পাম্প ম্যানেজার নাহিদ সরদার। এ নিয়ে দুজনে বাগ্বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে সুজাত মোল্যা ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার হুমকি দিয়ে পাম্পেই অপেক্ষা করতে থাকেন। একপর্যায়ে রাত ২টার দিকে পাম্প ম্যানেজার নাহিদ মোটরসাইকেলযোগে তার বন্ধু জিহাদুলকে সঙ্গে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন।
এ সময় পাম্পে অপেক্ষমাণ সুজাত ট্রাক নিয়ে তাদের পিছু নিয়ে পাম্প থেকে দেড়শ-দুইশ গজ দূরে যশোর-নড়াইল মহাসড়কে নাহিদ ও জিহাদুলকে মোটরসাইকেলসহ চাপা দিয়ে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই নাহিদ মারা যান এবং তার সঙ্গী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতাল, পরে সেখান থেকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট তুলারামপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সেকেন্দার আলী জানান, অভিযুক্ত ট্রাকচালক ট্রাক নিয়ে পালিয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে, আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।