রাজনীতি

জামায়াত আমিরের যে বক্তব্যে ভুল বোঝেননি এমপি সাঈদ আল নোমান

14885_IMG_8792.jpeg

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ‘রাখ তোর ফ্যামিলি কার্ড’ বক্তব্যের জবাব দিয়েছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। রোববার সংসদের মুলতবি অধিবেশনে তার বরাদ্দকৃত সময়ের চেয়ে এক মিনিট অতিরিক্ত সময়ে এই উত্তর দেন তিনি।

এ সময় তিনি বলেন, একটি রম্য আলাপ করে শেষ করতে চাই। আমি বিরোধীদলীয় নেতাকে উইথ ডিউ রেসপেক্ট বলতে চাই, আপনি বলেছিলেন, রাখ তোর ফ্যামিলি কার্ড, আমি মোটেও আপনার কথাটিকে একেবারেই ভুল বুঝিনি, আমি মনে করেছি আপনি হয়তো বলেছেন, আরে কীসের ফ্যামিলি কার্ড। আপনাদের তারেক রহমান সম্পর্কে কোনো ধারণাই নেই। আপনারা জনাব তারেক রহমান সম্পর্কে জানেনই না। তিনি ফ্যামিলি কার্ডকে ছাপিয়ে কৃষক কার্ড থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন নিয়ে আসবেন বাংলাদেশের জন্য।

 

এ সময় সাঈদ আল নোমান বলেন, বিরোধীদলীয় নেতা হয়তো বলেছিলেন, তারেক রহমান ইতিবাচক সব কাজ দিয়ে বাংলাদেশকে এগিয়ে নেবেন৷ এজন্য আমি তাকে একদমই ভুল বুঝতে চাইনা, সংসদের অপর পক্ষে যারা রয়েছেন, তাদের এতটুকু ভুল বুঝতে চাই না৷ আমরা সবাই পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করি। আমার সঙ্গে চট্টগ্রাম- ১০ আসনে যিনি হেরেছেন, তারও প্রতিনিধিত্ব করি আমি।

 

এর আগে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানকে ছয় মিনিট সময় বরাদ্দ দেন। পরে সেই সময় আরও এক মিনিট বর্ধিত করেন ডেপুটি স্পিকার৷

 

এ সময় চট্টগ্রাম নিয়ে সাঈদ আল নোমান বলেন, চট্টগ্রামের পানির সমস্যা দীর্ঘদিনের। সব জায়গায় চট্টগ্রাম ওয়াসার সংযোগ নাই। মানুষকে পানির জন্য অনেক দুর্ভোগ পোহাতে হয়। এটি জরুরি ভিত্তিতে নিরসন করতে হবে।

এছাড়া চট্টগ্রামে দুটি হাসপাতাল রয়েছে। একটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে সাড়ে পাঁচ কোটি মানুষ স্বাস্থ্য সমস্যা নিয়ে প্রতিনিয়ত ছুটে যায়। অন্যটি চট্টগ্রাম জেনারেল হাসপাতাল। আমি এটাকে দুটি বলতে চাই না। আমি বলব দেড়টা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অতিরিক্ত চাপের কারণে মানসিক রোগের চিকিৎসা দূরের কথা, শারীরিক জটিল সমস্যাগুলোর সমাধানও পাওয়া যায় না। তিনি বলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল দুই হাজার বেডের হলেও প্রকৃত অর্থে পাঁচশো মানুষকে ভালোভাবে চিকিৎসা দেওয়ার সক্ষমতা রয়েছে হাসপাতালটির৷ আর জেনারেল হাসপাতাল খুব বড় কোন হাসপাতাল নয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল আমার আসনে না হওয়াতে আমি ওই আসনের সংসদ সদস্যের সঙ্গে কথা বলেছি, এটিতে সমস্যা সমাধান করার জন্য যা যা করতে হয় আমরা ইনশাল্লাহ করব। এসময় সাঈদ আল নোমান সকল সংসদীয় আসনে কমপক্ষে ৫০০ আসনের একটি করে আধুনিক হাসপাতাল নির্মাণের দাবি জানান সংসদে।

 

শিক্ষাব্যবস্থা নিয়ে সাঈদ আল নোমান বলেন, শিক্ষা আমার খুব একটা ইচ্ছের জায়গা। অনেকে অনেক কথা বলতে পারে, কিন্তু আমি বলব মূল্যবোধ সম্পন্ন কারিকুলাম দরকার। আমি যেখানেই যাই মানুষ আমাকে বলেন, আপনারা শিক্ষা নিয়ে এমন একটা কাজ করুন। যেখানে আমাদের ছেলে মেয়েরা একটা মহান জাতির অংশ হতে পারবে৷

 

এর আগে বক্তব্যের প্রারম্ভেই সাঈদ আল নোমান প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বলেন, আমার প্রয়াত বাবা আমাকে যে দীক্ষায় দীক্ষিত করেছেন সেটি হল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ। আমি যাকে দেখে বড় হয়েছি তিনি প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজ আমি স্মরণ করতে চাই গত ১৭ বছর সারাদেশে বিএনপির নেতাকর্মীরা যারা গুম হয়েছেন, খুন হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, যাদের বাস্তবতা নিজেদের হাতে ছিল না, ফ্যাসিবাদী সরকার যাদের সুখ কেড়ে নিয়েছিল, তাদেরকে স্মরণ করতে চাই। আমি আরো স্মরণ করতে চাই, সাড়ে সতেরো বছর পরে ২০২৪ এর জুলাই আগস্টে এই দেশের হাজার হাজার ছাত্রছাত্রী, কৃষক, কৃষাণী, দিনমজুর, শ্রমিক, রাজনৈতিক কর্মী যারা তাদের বাসা-বাড়ী, ফ্ল্যাট, ব্যবসা প্রতিষ্ঠান, দোকান সবকিছু ছেড়ে দিয়ে ফ্যাসিবাদ শাসনের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল এবং তাদের তাজা বুকের রক্তের বিনিময়ে আমাদেরকে এই শান্তিপূর্ণ একটি বাংলাদেশ দিয়েছিল বসবাস করার জন্য৷ তাদের মধ্যে যারা বেঁচে আছেন তাদেরকে ধন্যবাদ দিতে চাই এবং যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

সর্বাধিক পঠিত


ভিডিও