আইন- আদালত

জুলাই হত্যাকাণ্ড: শামীম ওসমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৯ এপ্রিল

14950_IMG_9417.jpeg

জুলাই বিপ্লবে নারায়ণগঞ্জে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির জন্য ১৯ এপ্রিল দিন ধার্য করা হয়েছে। অপর আসামিদের মধ্যে রয়েছে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরি ওসমান।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেয়। প্যানেলের অপর সদস্য হলেন বিচারক অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিন আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান। তিনি ট্রাইব্যুনালকে জানান, এই মামলার সব আসামিই বর্তমানে পলাতক রয়েছেন। এ কারণে আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী (স্টেট ডিফেন্স) নিয়োগসহ আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানির জন্য সময়ের আরজি জানান তিনি। শুনানি শেষে আদালত আগামী ১৯ এপ্রিল পরবর্তী দিন ধার্য করে।

গত ৪ মার্চ ট্রাইব্যুনাল পলাতক ১২ আসামিকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়। চলতি বছরের ১৯ জানুয়ারি তাদের বিরুদ্ধে প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।

প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ ও ২১ জুলাই এবং ৫ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা-সাইনবোর্ড এলাকায় ১০ জনকে হত্যা করা হয়। ছাত্র-জনতার আন্দোলনে আসামিরা সবাই অস্ত্রধারী ছিলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শামীম ওসমানসহ ১২ জনকে আসামি করে মানবতাবিরোধী অপরাধের তিনটি পৃথক অভিযোগ আনা হয়েছে।

সর্বাধিক পঠিত


ভিডিও