
চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এর আগে, রাত রাত ১০টা ৫০ মিনিটে আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেখানে হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় এবং হাজিদের সঙ্গে দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য মোনাজাতে অংশ নেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এবং স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)-সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এদিকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ থেকে এ বছরের প্রথম হজ ফ্লাইটটি শনিবার (১৮ এপ্রিল) রাত ১২টা ২০ মিনিটে যাত্রা করবে। ৪১৯ জন হজযাত্রী নিয়ে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
প্রথম দিনে মোট ১৪টি ফ্লাইট পরিচালনার কথা রয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬টি, সাউদিয়ার ৩টি এবং ফ্লাইনাসের ৩টি ফ্লাইট থাকবে।