
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার গোপন অভিযানে বাজি ধরে প্রায় ৪ লাখ ডলার লাভ করার অভিযোগে এক মার্কিন বিশেষ বাহিনীর সেনাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, মাস্টার সার্জেন্ট গ্যানন কেন ভ্যান ডাইক ডিসেম্বরের শেষ দিকে ‘পলিমার্কেট’ নামে একটি পূর্বাভাসভিত্তিক প্ল্যাটফর্মে প্রায় ৩২ হাজার ডলার বাজি ধরেন। তিনি ধারণা করেছিলেন, জানুয়ারির মধ্যে মাদুরো ক্ষমতা থেকে ‘সরে যাবেন’।
তদন্তকারীরা বলছেন, ভ্যান ডাইক ওই গোপন সামরিক অভিযান ‘অপারেশন অ্যাবসোলিউট রিজলভ’-এর পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে যুক্ত ছিলেন। ফলে বাজি ধরার আগেই তার কাছে গোপন তথ্য ছিল।
এই তথ্য ব্যবহার করে তিনি ১৩টি বাজি ধরেন এবং অভিযানের ঠিক কয়েক ঘণ্টা আগেও শেষ বাজিটি করেন। পরে তিনি ৪ লাখ ডলারের বেশি লাভ করেন।
প্রসিকিউটরদের দাবি, লাভের অর্থ প্রথমে বিদেশি ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্টে পাঠিয়ে পরে অনলাইন ব্রোকারেজে জমা দেন, যাতে উৎস গোপন রাখা যায়।
এই ঘটনায় তার বিরুদ্ধে গোপন তথ্য চুরি ও অপব্যবহার, জালিয়াতি এবং প্রতারণাসহ মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে। তার প্রথম আদালত হাজিরা হবে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায়।
মার্কিন অ্যাটর্নি জে ক্লেটন বলেন, দেশের গোপন তথ্য রক্ষার দায়িত্ব যাদের ওপর, তারা ব্যক্তিগত লাভের জন্য তা ব্যবহার করতে পারে না।
এদিকে ‘পলিমার্কেট’ কর্তৃপক্ষ জানিয়েছে, সন্দেহজনক কার্যক্রম শনাক্ত করার পর তারা বিষয়টি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগকে জানিয়েছে এবং তদন্তে সহযোগিতা করেছে।
উল্লেখ্য, ওই গোপন অভিযানে গোলাগুলির মধ্যে কারাকাসের প্রেসিডেন্ট প্রাসাদ থেকে মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়। বর্তমানে তিনি মাদক পাচার সংক্রান্ত মামলায় অভিযুক্ত এবং নিজেকে নির্দোষ দাবি করেছেন।