
ব্রিটিশ রাজপরিবারের অন্যতম আলোচিত ব্যক্তিত্ব প্রিন্সেস ডায়ানাকে ঘিরে নির্মিত হতে যাচ্ছে নতুন একটি ধারাবাহিক প্রামাণ্যচিত্র।
এই প্রামাণ্য ধারাবাহিকের মূল ভিত্তি পাঁচ ঘণ্টার কথোপকথন। সেটি ডায়ানা করেছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু ও সার্জন ড. জেমস কোলথ্রাস্টের সঙ্গে। অপ্রকাশিত এই দীর্ঘ সময়ের ব্যক্তিগত কথোপকথনের রেকর্ডের ভিত্তিতে তৈরি এই ধারাবাহিকটি তার জীবনীকে তুলে ধরবে তার নিজের কণ্ঠের মাধ্যমেই।
এতে উঠে আসবে ডায়ানার ব্যক্তিগত অনুভূতি, মানসিক সংগ্রাম, আত্মপরিচয়ের খোঁজ এবং রাজপরিবারের কেন্দ্রবিন্দুতে থেকেও নিজেকে খুঁজে পাওয়ার গল্প।
‘ডায়ানা: দ্য আনহার্ড ট্রুথ’ শিরোনামের এই তিন পর্বের ধারাবাহিকটি মুক্তি পাবে ২০২৭ সালে। এটি তার মৃত্যুর ৩০ বছর পূর্তির সময়ের সঙ্গে মিলে যাচ্ছে। ১৯৯৭ সালে প্যারিসে এক সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি।
প্রযোজনা প্রতিষ্ঠান লাভ মানডে টেলিভিশন জানিয়েছে, এই ধারাবাহিকের মাধ্যমে আধুনিক ইতিহাসের সবচেয়ে আলোচিত জীবনের একটি নতুন দিক উন্মোচিত হবে।
প্রযোজকদের মতে, এই কাজটি দর্শকদের জন্য প্রিন্সেস ডায়ানাকে নতুনভাবে জানার সুযোগ করে দেবে। তার দৃঢ়তা, সংবেদনশীলতা এবং মানবিক দিকগুলো আরো গভীরভাবে তুলে ধরা হবে, যা তার সম্পর্কে জনমানসে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারে।