
আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি গিয়াস উদ্দীন আত-তাহেরী বলেছেন, আমরা মাজার পূজারি নই, আমরা মাজারে গিয়ে কোরআন তিলাওয়াত, জিকির-আসকার করি এটাই সুন্নত। অথচ বট বাহিনীরা আমাদের ট্যাগ করে বলে আমরা নাকি মাজার পূজারি।
শনিবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তরের ফরাজীকান্দি দরবার শরীফে ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, সংসদের ভেতরে মিলেমিশে থাকার কথা বলা হলেও বাইরে গিয়ে অনেকে বলে আগের ফ্যাসিবাদের চেয়েও বর্তমান ফ্যাসিবাদ বেড়েছে।
নেদায়ে ইসলামের চেয়ারম্যান ও ফরাজীকান্দি দরবারের পীর আল্লামা শায়খ মাসউদ আহমাদ বোরহানীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলটি পরিচালনা করেন দরবারের মসজিদে ফাতেমাতুজ যোহরার খতিব হযরত মাওলানা জাকারিয়া শিকদার।
উপস্থিত ছিলেন হাসানপুর শহীদ নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ জাকির হোসেন জামাল, ফরাজী কান্দি কামিল মাদরাসার সাবেক ফকিহ মাওলানা হাফেজ রফিকুল ইসলাম, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সহকারী পরিচালক হেলাল উদ্দিন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক ড. এটিএম আহমাদ হোসাইন, মতলব উত্তর থানার ওসি কামরুল হাসান, বিশিষ্ট চিকিৎসক ডা. শাহাদাত হোসেন প্রমুখ।