
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ক্ষমতায় বাহানায় বিএনপি সরকার আর সংস্কার করতে চায় না। তারা নিরঙ্কুশ ক্ষমতা উপভোগ করতে চায়।
রোববার (৩ মে) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির আয়োজিত জ্বালানি, অর্থনীতি সংস্কার ও গণভোট বিষয়ে জাতীয় কনভেনশনে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, বিএনপি বারবার নেট অব ডিসেন্টের কথা বলছে। অথচ ঐক্যমত কমিশনে বিষয়টি এমনভাবে এসেছে, মূল বিষয়ে সবাই একমত। কারও ভিন্ন কোনো মত থাকলে তা পাশে উল্লেখ করবে। অর্থাৎ নোট অব ডিসেন্ট মুখ্য নয়। তাছাড়া গণভোটের পর বিএনপির রাজি-না রাজি আর কোনো মুখ্য বিষয়ই নয়।
এনসিপির সদস্য সচিব বলেন, বিএনপি বলেছে, চারটি প্রশ্নে আধাটায় তাদের আপত্তি। গণভেটের কোন আধাটার বিষয়ে আপনাদের আপত্তি, তা পরিস্কার করতে হবে। কারণ গণভোটের প্রশ্নগুলোতে খুব স্পষ্ট করে বলা ছিল, একটা উচ্চ কক্ষ হবে ভোটের পিআর অনুযায়ী, তত্ত্বাবধায়ক সরকার হবে নতুন একটা ফর্মুলা অনুযায়ী এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ হবে একটা নিরপেক্ষ বোর্ডের মধ্য দিয়ে। যে বিষয়গুলোতে আমরা সবাই একমত এরকম ৩০টি বিষয় সেখানে উল্লেখ করা ছিল। আর কিছু বিষয় ছিল যেগুলো রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহার অনুযায়ী সেগুলোকে বাস্তবায়ন করতে পারতো।
তিনি আরও বলেন, এখানে আপনাদের আপত্তি কোথায়? তাহলে কি সংস্কারগুলো বিএনপি দেশের জন্য নেতিবাচক মনে করে? আমরা যে সাংবিধান বিষয়ে সংস্কারগুলোর কথা বলেছি, সেগুলো বেসিক স্ট্রাকচারকে লঙ্ঘন করে। তখনই প্রশ্ন এসেছিল, কেবল সংশোধন করে কী বিষয়টাকে টেকসই করা সম্ভব? তখন সংসদের মাধ্যমে সংশোধনী আর গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান এর মাঝামাঝি একটা আইডিয়ার ব্যাপারে আমরা একমত হই, সেটাই ছিল সংবিধান সংস্কার পরিষদ। কিন্তু বিএনপি এখন সেটা থেকে দূরে সরে এসেছে।
গণভোটের জনগণের রায়কে অমর্যাদা না করার আহবান জানিয়েছেন তিনি। সেশনটি মডারেট করেন জাতীয় নারীশক্তির আহবায়ক মনিরা শারমিন।