ভারত

পশ্চিমবঙ্গে বিজেপির সম্ভাব্য মুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পল

15332_IMG_2415.jpeg

ভারতের পশ্চিমবঙ্গে ঐতিহাসিক জয়ের মাধ্যমে প্রথমবারের মতো সরকার গঠনের পথে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এখন দলটির সামনে সবচেয়ে বড় প্রশ্ন কে হচ্ছেন নতুন মুখ্যমন্ত্রী। আলোচনায় উঠে এসেছে বিজেপির রাজ্য সহ-সভাপতি অগ্নিমিত্রা পলের নাম। দলীয় সূত্রের বরাতে জানা গেছে, তাকে বেছে নেওয়া হলে তিনি বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হবেন।

বিজেপির এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী পদে একাধিক নেতার নাম বিবেচনায় রয়েছে। তালিকায় আছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি রাজ্য সভাপতি ও রাজ্যসভার সদস্য সামিক ভট্টাচার্য এবং আসানসোল দক্ষিণের বিজয়ী প্রার্থী অগ্নিমিত্রা পলের নামও প্রস্তাব করা হয়েছে।

৫১ বছর বয়সী অগ্নিমিত্রা পল আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে ৪০ হাজার ৮৩৯ ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেসের তাপস ব্যানার্জিকে পরাজিত করেছেন। তার এই জয় ওই অঞ্চলে বিজেপির অবস্থান আরও শক্তিশালী করেছে।

রাজনীতিতে আসার আগে তিনি ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করতেন বলে তার সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য থেকে জানা গেছে।

তবে তার বিরুদ্ধে রয়েছে ২৩টি ফৌজদারি মামলা। নির্বাচনী হলফনামা অনুযায়ী, এসব মামলার মধ্যে রয়েছে বেআইনি জমায়েত, দাঙ্গা, সহিংস বিক্ষোভ, আইনশৃঙ্খলা ভঙ্গ, সরকারি নির্দেশ অমান্য এবং জনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগ। এছাড়া বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিদ্বেষ ছড়ানোর অভিযোগও রয়েছে। যদিও এখন পর্যন্ত কোনো মামলায় তিনি দোষী সাব্যস্ত হননি।

অগ্নিমিত্রা পল পশ্চিমবঙ্গের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীন বনওয়ারিলাল বহলতিয়া কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় সম্মানসহ স্নাতক ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি তিনি বিরলা ইনস্টিটিউট অব লিবারেল আর্টস অ্যান্ড ম্যানেজমেন্ট সায়েন্সেস থেকে ফ্যাশন প্রযুক্তিতে ডিপ্লোমা সম্পন্ন করেছেন।

এছাড়া তার রয়েছে ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি। তিনি লরেটো কনভেন্ট ও আসানসোল গার্লস কলেজেও পড়াশোনা করেছেন।

তবে পশ্চিমবঙ্গের সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকেও শক্তিশালী প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। এবারের নির্বাচনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং ভবানীপুর আসনে ১৫ হাজারের বেশি ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন। এর আগে ২০২১ সালে নন্দীগ্রামেও তিনি মমতাকে হারিয়েছিলেন।

সাম্প্রতিক নির্বাচনে শুভেন্দু অধিকারী ভবানীপুর ও নন্দীগ্রাম; দুই কেন্দ্র থেকেই জয় পেয়েছেন।

অন্যদিকে সামিক ভট্টাচার্যের নামও মুখ্যমন্ত্রী পদের আলোচনায় রয়েছে। বিজেপি জানিয়েছে, আগামী ৯ মে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীর দিন নতুন মুখ্যমন্ত্রী শপথ নেবেন। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

উল্লেখ্য, এবারের নির্বাচনে বিজেপি পেয়েছে ৪৫ দশমিক ৮৪ শতাংশ ভোট, যা ২০২১ সালের তুলনায় ৭ দশমিক ৮৭ শতাংশ বেশি। এতে দলটি পেয়েছে ২০৭টি বিধানসভা আসন, যেখানে আগেরবার তাদের আসন ছিল ৭৭টি।

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ভোট কমে দাঁড়িয়েছে ৪০ দশমিক ৮ শতাংশে, যা ২০২১ সালে ছিল ৪৮ দশমিক ২ শতাংশ। দলটির আসন সংখ্যাও ২১৫ থেকে নেমে এসেছে ৮০তে।

 

 



 

সর্বাধিক পঠিত


ভিডিও