যুক্তরাজ্য

৯ মে ২০২৬, ১৩:০৫
আরও খবর

স্টারমারের নেতৃত্বে আস্থা রাখছেন, তবে নীতির পরিবর্তন চান সাদিক খান

15356_b6cd5b4d-70f1-4db5-a2d8-1bf1d5f9f2a8.jpg

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বের প্রতি সমর্থন জানালেও সরকারের বর্তমান কার্যক্রম ও নীতির দিক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন সাদিক খান। সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে লেবার পার্টির হতাশাজনক ফলাফলের পর তিনি বলেন, এটি ছিল “তিক্তভাবে হতাশাজনক” অভিজ্ঞতা এবং সরকারের উচিত জনগণের অসন্তোষের কারণগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা।

স্টারমারের পদত্যাগ বা নেতৃত্ব পরিবর্তনের দাবি করছেন না উল্লেখ করে খান বলেন, পরিবর্তন শুরু হতে হবে “শীর্ষ পর্যায়” থেকেই। তাঁর মতে, সরকারের বর্তমান কর্মকৌশল ও সিদ্ধান্ত গ্রহণের ধরনে পরিবর্তন আনা জরুরি। তিনি জানান, নির্বাচনী প্রচারণার সময় সাধারণ মানুষের কাছ থেকে তিনি ব্যাপক “ক্ষোভ, হতাশা ও বিমুখতা” প্রত্যক্ষ করেছেন।

লন্ডনের রাজনৈতিক মানচিত্রে লেবার পার্টির শক্ত অবস্থান এবার উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে। আগে ৩২টি বরোর মধ্যে ২১টিতে লেবারের নিয়ন্ত্রণ থাকলেও সাম্প্রতিক ফলাফলে সেই আধিপত্যে বড় ধাক্কা লাগে। ওয়ালথাম ফরেস্ট ও হ্যাকনি বরোতে গ্রিন পার্টির কাছে এবং ওয়েস্টমিনস্টারে কনজারভেটিভদের কাছে পরাজিত হয়েছে লেবার। এছাড়া বার্নেট, ব্রেন্ট, এনফিল্ড, হারিঞ্জে, নিউহ্যাম, সাউথওয়ার্ক ও ওয়ান্ডসওয়ার্থে দলটি তাদের একক নিয়ন্ত্রণ হারিয়েছে। কয়েকটি কাউন্সিলে এখনো ফল ঘোষণা বাকি রয়েছে, যার মধ্যে দুটিতে আগে লেবারের নিয়ন্ত্রণ ছিল।

মেয়র নির্বাচনের ক্ষেত্রেও লেবার বড় ধাক্কা খেয়েছে। হ্যাকনি ও লুইশামে গ্রিন পার্টি প্রথমবারের মতো সরাসরি নির্বাচিত মেয়র পদে জয় লাভ করেছে।

সাদিক খান বলেন, ২০২৪ সালের জুলাইয়ে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা এখনো বাস্তবায়ন হয়নি। তিনি সরকারের কাজের গতি বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, জনগণ এখন দ্রুত ও দৃশ্যমান পরিবর্তন দেখতে চায়।

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও