যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে ট্রেনের বগি থেকে ৬ মরদেহ উদ্ধার

15379_IMG_2823.jpeg

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সীমান্তবর্তী শহর লারেডোতে একটি মালবাহী ট্রেনের বগি থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় রোববার বিকেলে এ ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

লারেডো পুলিশ বিভাগের তথ্য কর্মকর্তা হোসে এসপিনোজা জানান, স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে ইউনিয়ন প্যাসিফিক রেলইয়ার্ডে একটি কার্গো ট্রেনের বক্সকারের ভেতর মরদেহগুলো পাওয়া যায়। লারেডো শহরটি সান আন্তোনিও থেকে প্রায় ১৬০ মাইল দক্ষিণে এবং মেক্সিকো সীমান্তের কাছাকাছি অবস্থিত। খবর সিএনএন-এর।

পুলিশের মুখপাত্র জো বায়েজা জানান, কী কারণে তাদের মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করা সম্ভব নয়।

পুলিশ জানায়, রেলইয়ার্ডের এক কর্মচারী বিকেল ৩টার দিকে ফোন করে বিষয়টি জানান। নিয়মিত পরিদর্শনের সময় ট্রেনের বগির ভেতর মরদেহগুলো দেখতে পান কর্মীরা।

রোববার লারেডোতে তাপমাত্রা ৯০ ডিগ্রি ফারেনহাইটের বেশি ছিল। তবে অতিরিক্ত গরমেই তারা মারা গেছেন কি-না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ইউনিয়ন প্যাসিফিক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং তারা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে তদন্তে সহযোগিতা করছে।

মৃত ব্যক্তিদের বয়স ও অভিবাসন-সংক্রান্ত অবস্থা এখনো জানা যায়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) জানিয়েছে, লারেডো পুলিশ বিভাগ, হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন (এইচএসআই) এবং টেক্সাস রেঞ্জার্স যৌথভাবে ঘটনাটি তদন্ত করছে।

সর্বাধিক পঠিত


ভিডিও