যুক্তরাজ্য

১৫ মে ২০২৬, ১৩:০৫
আরও খবর

ব্রিটিশ রাজনীতির নতুন সমীকরণ: নাইজেল ফারাজ ও রিফর্ম ইউকের উত্থান

15432_bf8a5271-a87a-4882-9a9a-56b26c843851.jpeg

যুক্তরাজ্যের রাজনীতিতে দীর্ঘদিন ধরে লেবার পার্টি ও কনজারভেটিভ পার্টির দ্বৈত আধিপত্য দেখা গেলেও এখন সেই কাঠামোতে ধীরে ধীরে পরিবর্তনের ইঙ্গিত মিলছে। এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন নাইজেল ফারাজ এবং তাঁর দল রিফর্ম ইউকে। বিষয়টি শুধু একটি দলের উত্থান নয়, বরং ব্রিটিশ ভোটারদের রায় ও রাজনৈতিক অসন্তোষের একটি বড় প্রতিফলন।

নাইজেল ফারাজ: রাজনৈতিক পরিচয় ও ব্যাকগ্রাউন্ড

নাইজেল ব্রিটিশ রাজনীতিতে এমন একজন ব্যক্তি যিনি মূলধারার দুই দলের বাইরে গিয়ে বিকল্প রাজনৈতিক অবস্থান তৈরি করেছেন এবং সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে একজন প্রভাবশালী রাজনৈতিক ব‍্যক্তিতে পরিণত করেছেন। তিনি নন-এলিট শিক্ষাগত পটভূমি থেকে উঠে আসা একজন রাজনীতিক, যিনি মূলধারার ব্রিটিশ রাজনীতিতে বিকল্প শক্তির প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
তিনি শুরুতে কনজারভেটিভ পার্টির সঙ্গে যুক্ত থাকলেও পরে ইউরোপীয় ইউনিয়ন বিরোধী অবস্থান নিয়ে মূলধারার রাজনীতি থেকে আলাদা হয়ে যান এবং সেই ধারা থেকেই তিনি ইন্ডিপেডেন্স পার্টির নেতৃত্ব দিয়ে ব্রেক্সিট আন্দোলনকে জনমুখী করে তোলেন, যা শেষ পর্যন্ত তাঁকে রিফর্ম ইউকে নামক নতুন রাজনৈতিক দল গঠনের দিকে নিয়ে যায়।
তাঁর রাজনৈতিক অবস্থান মূলত ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের সম্পূর্ণ বিচ্ছিন্নতা, অভিবাসন নীতি কঠোর করা, জাতীয় সার্বভৌমত্বকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া এবং মূলধারার রাজনৈতিক ব্যবস্থার প্রতি সমালোচনামূলক অবস্থানের উপর দাঁড়িয়ে আছে, যার ফলে তিনি একদিকে যেমন জনপ্রিয়তা অর্জন করেছেন, অন্যদিকে তেমনি তীব্র বিতর্কের কেন্দ্রবিন্দুতে থেকেছেন।

সাম্প্রতিক স্হানীয় পরিষদ নির্বাচন ও রিফর্ম ইউকের অগ্রগতি-

রিফর্ম ইউকে সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি ব্রিটিশ রাজনীতিতে একটি নতুন ভোটার প্রবণতার ইঙ্গিত দেয় যেখানে মানুষ মূলধারার দলগুলোর বাইরে বিকল্প খুঁজছে। স্থানীয় কাউন্সিল পর্যায়ে তাঁদের ভোট শেয়ার বেড়েছে, কিছু এলাকায় তাঁরা লেবার ও কনজারভেটিভ উভয় দলের ভোট ভাগ করে নিয়েছে এবং অনেক জায়গায় তাঁরা প্রতিবাদমূলক ভোটের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যদিও জাতীয় পর্যায়ে তাঁরা এখনো বড় দুই দলের সমতুল্য অবস্থানে পৌঁছাতে পারেনি এবং নির্বাচনী ব্যবস্থার কারণে তাদের ভোট আসনে রূপান্তরিত হওয়া তুলনামূলকভাবে কঠিন রয়ে গেছে।


নাইজেল ফারাজ ক্ষমতায় এলে সম্ভাব্য পরিবর্তন-

যদি ভবিষ্যতে রিফর্ম ইউকে সরকার গঠন করে বা বড় রাজনৈতিক জোটে গুরুত্বপূর্ণ ভূমিকা পায়, তাহলে যুক্তরাজ্যের নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে যেখানে অভিবাসন নীতি কঠোর করা হবে, আশ্রয় নীতিতে কড়াকড়ি আনা হবে, ওয়ার্ক পারমিট ও স্টুডেন্ট ভিসার শর্ত আরও কঠিন করা হবে এবং সীমান্ত নিয়ন্ত্রণকে আরও শক্তিশালী করা হবে, একই সঙ্গে অর্থনৈতিক নীতিতে কর কমানোর প্রবণতা, সরকারি ব্যয় নিয়ন্ত্রণ এবং কল্যাণমূলক খাতে সংস্কারের উদ্যোগ দেখা যেতে পারে এবং বৈদেশিক নীতিতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দূরত্ব বাড়িয়ে “যুক্তরাজ্য প্রথম” নীতি আরও জোরালো হতে পারে।


সাধারণ ব্রিটিশ নাগরিকদের ওপর প্রভাব-

এই ধরনের নীতিগত পরিবর্তনের ফলে সাধারণ নাগরিকদের ওপর দুই ধরনের প্রভাব দেখা যেতে পারে, যেখানে সমর্থকদের মতে অভিবাসন নিয়ন্ত্রণ শক্তিশালী হলে সামাজিক চাপ কমবে, সরকারি ব্যয় নিয়ন্ত্রণে এলে করের বোঝা কমতে পারে এবং জাতীয় নিরাপত্তা বিষয়ে কঠোর অবস্থান নেওয়া সম্ভব হবে, অন্যদিকে সমালোচকদের মতে অভিবাসন কমলে শ্রমবাজারে সংকট তৈরি হতে পারে, কিছু খাতে কর্মী ঘাটতি দেখা দিতে পারে এবং আন্তর্জাতিক ব্যবসা ও সম্পর্কের ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হতে পারে।

 

বাংলাদেশি অভিবাসীদের ওপর সম্ভাব্য প্রভাব-

বাংলাদেশি অভিবাসীদের জন্য এই পরিবর্তন বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ যদি রিফর্ম ইউকে নীতিগতভাবে শক্তিশালী অবস্থানে যায় তাহলে ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া কঠিন হতে পারে, স্টুডেন্ট ভিসার যাচাই বাছাই প্রক্রিয়া আরও কঠোর হতে পারে এবং স্পনসরশিপ ব্যবস্থায় অতিরিক্ত শর্ত আরোপ হতে পারে, একই সঙ্গে যুক্তরাজ‍্যে স্থায়ী বসবাসের প্রক্রিয়া দীর্ঘায়িত হতে পারে । যদিও ইতোমধ্যে বসবাসকারীদের ক্ষেত্রে বড় ধরনের তাৎক্ষণিক পরিবর্তনের সম্ভাবনা তুলনামূলকভাবে কম, তবে প্রশাসনিক যাচাই বাছাই ও কাগজপত্র প্রক্রিয়া আরও কঠোর হওয়ার আশঙ্কা থেকে যায়, যা বাস্তবে সরাসরি আইন পরিবর্তন না হলেও অভিবাসন ব্যবস্থার গতি ও জটিলতা বাড়িয়ে দিতে পারে।

 

নাইজেল ফারাজের ক্ষমতায় আসার বাস্তব সম্ভাবনা-

বর্তমান রাজনৈতিক বাস্তবতায় লেবার পার্টি এখনো শক্ত অবস্থানে রয়েছে, কনজারভেটিভ পার্টি ঐতিহ্যগতভাবে বড় শক্তি হিসেবে বিদ্যমান এবং রিফর্ম ইউকে দ্রুত জনপ্রিয়তা অর্জন করলেও কাঠামোগতভাবে এখনো তুলনামূলক ছোট দল হিসেবে রয়েছে, তাই নাইজেল ফারাজের সরাসরি প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা স্বল্পমেয়াদে সীমিত হলেও রাজনৈতিক এজেন্ডা প্রভাবিত করার ক্ষেত্রে তাঁর ভূমিকা ইতোমধ্যেই দৃশ্যমান এবং দিন দিন তা আরও বাড়ছে।

 

পরিশেষে, নাইজেল ফারাজকে শুধুমাত্র একজন রাজনীতিক হিসেবে দেখা যথেষ্ট নয়, বরং তাঁকে যুক্তরাজ্যের রাজনীতিতে একটি চাপ সৃষ্টিকারী শক্তি হিসেবে দেখা যায় যিনি মূলধারার দুই দলের নীতি, ভোটার আচরণ এবং জাতীয় বিতর্কের দিক পরিবর্তনে প্রভাব ফেলতে সক্ষম, ফলে তিনি এখনো ক্ষমতার কেন্দ্রবিন্দুতে না থাকলেও ব্রিটিশ রাজনীতির ভবিষ্যৎ আলোচনায় তাঁর উপস্থিতি অস্বীকার করার সুযোগ নেই।

 

-নূর আলম সিদ্দিকী রাসেল
আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষক

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও