
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের (সিআরআই) সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৫ মে) তাকে আটক করে পুলিশ।
এ সময় তার কাছে ৭টি পাসপোর্ট পাওয়া যায়। এরমধ্যে দুইটি ছিল কূটনৈতিক পাসপোর্ট।
সাব্বির বিন শামস আওয়ামী লীগ সরকারের আমলে তিন বছরের চুক্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি এবং যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনে ‘মিনিস্টার’ পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালনে ছিলেন। তার নামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা রয়েছে। তিনি ভারত থেকে অবৈধ পথে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।
এ ব্যাপারে রাত ১০টার দিকে পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, ‘তিনি (সাব্বির বিন শামস) অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছেন। পাটগ্রামের দহগ্রাম এলাকায় তার চলাফেরায় স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। পরে তাকে পুলিশ আটক করে থানা হেফাজতে নেয়। পরে সেখান থেকে তাকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে নেওয়া হয়েছে।’