
প্রয়াত ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের জীবন ও ফ্যাশন ঘিরে আয়োজিত বিশেষ প্রদর্শনীর মেয়াদ দর্শকদের ব্যাপক আগ্রহের কারণে আরও ছয় মাস বাড়ানো হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, “অভূতপূর্ব” চাহিদার কারণে প্রদর্শনীটি নির্ধারিত সময়ের পরও চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
‘কুইন এলিজাবেথ দ্য সেকেন্ড: হার লাইফ ইন স্টাইল’ শীর্ষক এই প্রদর্শনীটি দ্য কিংস গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে, যা অবস্থিত বাকিংহাম প্যালেসে। পূর্বঘোষণা অনুযায়ী প্রদর্শনীটি ১৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত চলার কথা থাকলেও এখন তা বাড়িয়ে ১৮ এপ্রিল ২০২৭ পর্যন্ত করা হয়েছে।
প্রদর্শনীর আয়োজন করেছে রয়্যাল কালেকশন ট্রাস্ট। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এটি তাদের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শকপ্রিয় প্রদর্শনীতে পরিণত হয়েছে। উদ্বোধনের কয়েক সপ্তাহের মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে যায়।
প্রদর্শনীতে রানি দ্বিতীয় এলিজাবেথের ব্যক্তিগত ফ্যাশন সংগ্রহ থেকে ৩০০টিরও বেশি সামগ্রী স্থান পেয়েছে। এর মাধ্যমে তাঁর দীর্ঘ ৭০ বছরের শাসনামলে পোশাক ও ব্যক্তিগত স্টাইলের বিবর্তন তুলে ধরা হয়েছে।
রয়্যাল কালেকশনের পরিচালক টিম নক্স বলেন, এই প্রদর্শনী নিয়ে মানুষের সাড়া ছিল নজিরবিহীন। তিনি জানান, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ যাতে রানির জীবন ও উত্তরাধিকারের এই বিশেষ আয়োজন দেখার সুযোগ পান, সে লক্ষ্যেই প্রদর্শনীর সময় বাড়ানো হয়েছে।
উচ্চ চাহিদার কারণে আগ্রহীদের আগেভাগেই টিকিট বুক করার পরামর্শ দিয়েছেন আয়োজকরা।
রানির জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত নানা কর্মসূচির অংশ হিসেবেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এর পাশাপাশি প্যালেস অব হলিরুডহাউসে তাঁর ব্যক্তিগত অ্যাপার্টমেন্টও সীমিত সময়ের জন্য দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। সেখানে ১০০ দিনের বিশেষ ট্যুরের ব্যবস্থাও রাখা হয়েছে।