
যুক্তরাজ্যে বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের সুবিধা ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা চলছেই। এরই মধ্যে নতুন এক পরিসংখ্যান দেখিয়েছে, বৈদ্যুতিক গাড়ির ইস্যুরেন্স খরচেও রয়েছে বড় ধরনের পার্থক্য।
MoneySuperMarket–এর প্রকাশিত ‘ইলেকট্রিক কার ইনডেক্স’ অনুযায়ী, বর্তমানে যুক্তরাজ্যে সবচেয়ে বেশি ইস্যুরেন্স খরচ হয় Jaguar I-Pace 400 SE মডেলের ক্ষেত্রে। গাড়িটির বার্ষিক গড় ইস্যুরেন্স প্রিমিয়াম দাঁড়িয়েছে ৯২১ দশমিক ৫৯ পাউন্ড, যা তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা গাড়ির তুলনায়ও প্রায় ৩০ পাউন্ড বেশি।
সবচেয়ে ব্যয়বহুল ইস্যুরেন্স-এর তালিকায় একাধিক Tesla মডেলও রয়েছে। এর মধ্যে Tesla Model Y Long Range AWD–এর গড় বার্ষিক প্রিমিয়াম ৮৯৫ দশমিক ৭৬ পাউন্ড এবং Tesla Model Y Standard Range–এর ক্ষেত্রে তা ৮৭৮ দশমিক ১৪ পাউন্ড। এছাড়া Mercedes-Benz EQC 400 AMG Line Premium Plus ও Tesla Model 3 Standard Range Plus–এর ইস্যুরেন্স খরচও উল্লেখযোগ্যভাবে বেশি।
অন্যদিকে, তুলনামূলকভাবে সবচেয়ে কম ইস্যুরেন্স খরচের বৈদ্যুতিক গাড়ি হিসেবে উঠে এসেছে Renault R5। এই মডেলের বার্ষিক গড় ইস্যুরেন্স প্রিমিয়াম মাত্র ৪১৭ দশমিক ৬৪ পাউন্ড। তালিকায় আরও রয়েছে Mini Cooper S Level 2, Volkswagen ID.3 Life 204, Mini Cooper S Level 3 এবং Nissan Leaf Tekna। এদের অধিকাংশের ইস্যুরেন্স ব্যয় বছরে ৫০০ পাউন্ডের নিচে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে বৈদ্যুতিক গাড়ির গড় বার্ষিক ইস্যুরেন্স প্রিমিয়াম ছিল ৫৬২ পাউন্ড। তুলনায় ডিজেলচালিত গাড়ির ক্ষেত্রে এই খরচ ৫১৫ পাউন্ড এবং পেট্রোলচালিত গাড়ির জন্য ৪৮৭ পাউন্ড।
বিশেষজ্ঞদের মতে, বৈদ্যুতিক গাড়ির মেরামত ব্যয় বেশি হওয়া, ব্যাটারির উচ্চমূল্য, দীর্ঘ মেরামত সময় এবং দক্ষ প্রযুক্তিবিদের প্রয়োজনীয়তার কারণেই ইস্যুরেন্স খরচ তুলনামূলকভাবে বেশি হচ্ছে।
তবে উচ্চ ইস্যুরেন্স ব্যয় সত্ত্বেও বৈদ্যুতিক গাড়ির জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। যুক্তরাজ্যে ২০২৫ সালে নতুন গাড়ি নিবন্ধনের মধ্যে ব্যাটারিচালিত বৈদ্যুতিক গাড়ির অংশ এখন ২৬ দশমিক ৫ শতাংশে পৌঁছেছে।