যুক্তরাজ্য

Mirror
৩১ মে ২০২৬, ১৭:০৫
আরও খবর

নতুন বিড়ম্বনায় ফারাজ, আগামী নির্বাচনে রিফর্ম ইউকে হারাতে পারে ৭০টি আসন

15610_04e4dd30-52d7-11f1-a650-a94a8fc7de38 Medium.jpeg

যুক্তরাজ্যের ডানপন্থি রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ‘রিস্টোর ব্রিটেন’ নামের একটি দল। দলটির উত্থান এবং ক্রমবর্ধমান জনপ্রিয়তা রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

রিস্টোর ব্রিটেনের প্রতিষ্ঠাতা রুপার্ট লো ২০২৪ সালের নির্বাচনে রিফর্ম ইউকের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হলেও ২০২৫ সালের মার্চে দলটির সঙ্গে বিরোধের জেরে তার পথ আলাদা হয়ে যায়। এরপর তিনি নতুন রাজনৈতিক দল গঠন করেন।

দলটি অভিবাসন কঠোরভাবে নিয়ন্ত্রণ, আশ্রয়প্রার্থী ব্যবস্থা বাতিল, বিদেশি সহায়তা কমানো, উত্তরাধিকার কর বাতিল এবং সামরিক খাতে ব্যয় বাড়ানোর মতো নানা নীতির পক্ষে অবস্থান নিয়েছে। এছাড়া খ্রিস্টীয় ঐতিহ্যভিত্তিক শিক্ষা জোরদার, বোরকা নিষিদ্ধকরণ এবং মৃত্যুদণ্ড পুনর্বহাল বিষয়ে গণভোট আয়োজনের প্রস্তাবও দিয়েছে।

আগামী মাসে মেকারফিল্ড উপনির্বাচনকে কেন্দ্র করে দলটির প্রভাব বিশেষভাবে আলোচনায় এসেছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, লেবার পার্টি রিফর্ম ইউকের চেয়ে মাত্র ৩ শতাংশ পয়েন্ট এগিয়ে রয়েছে, আর রিস্টোর ব্রিটেন পেয়েছে ৭ শতাংশ সমর্থন। বিশ্লেষকদের মতে, এই সমর্থনের বড় অংশ রিফর্ম ইউকের ভোটব্যাংক থেকেই আসতে পারে।

খ্যাতনামা নির্বাচন বিশ্লেষক স্যার জন কার্টিস বলেন, রিস্টোর ব্রিটেনের উপস্থিতি রিফর্ম ইউকের সমর্থন কিছুটা কমিয়ে দিতে পারে। বিশেষ করে প্রতিদ্বন্দ্বিতা যখন খুব কাছাকাছি অবস্থানে থাকে, তখন কয়েক শতাংশ ভোটও নির্বাচনের ফল বদলে দিতে সক্ষম।

রাজনৈতিক গবেষণা প্রতিষ্ঠান মোর ইন কমনের যুক্তরাজ্য পরিচালক লুক ট্রাইল বলেন, সাম্প্রতিক ফোকাস গ্রুপ আলোচনায় ডানপন্থি ভোটারদের একটি অংশ রুপার্ট লো এবং তার নতুন দলের প্রতি আগ্রহ দেখিয়েছে। তার মতে, কিছু ভোটার রিস্টোর ব্রিটেনকে রিফর্ম ইউকের আরও কঠোর সংস্করণ হিসেবে দেখছেন।

মোর ইন কমনের এক মডেলিং বিশ্লেষণে দেখা গেছে, যদি রিস্টোর ব্রিটেন জাতীয় পর্যায়ে ৩ শতাংশের কিছু বেশি ভোট পায় এবং সেই ভোটের বড় অংশ রিফর্ম ইউকের সমর্থকদের কাছ থেকে আসে, তাহলে রিফর্ম প্রায় ৭০টি আসন হারাতে পারে। এতে দলটির সরকার গঠনের সম্ভাবনাও উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে।

রিস্টোর ব্রিটেনের অনলাইন প্রচারণাও ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক একাধিকবার দলটির প্রতি সমর্থনসূচক মন্তব্য করেছেন। অন্যদিকে রুপার্ট লোর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম অনুসারীর সংখ্যাও উল্লেখযোগ্য, যা নতুন দলটির প্রচার-প্রসারে সহায়ক ভূমিকা রাখছে।

তবে রিফর্ম ইউকের নেতারা এখনো দলটির প্রভাবকে সীমিত বলে মনে করছেন। তাদের দাবি, মাঠপর্যায়ে রিস্টোর ব্রিটেনের উপস্থিতি তুলনামূলকভাবে কম। তবুও রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভোটের ব্যবধান যেখানে খুব কম, সেখানে রুপার্ট লোর নতুন দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং আগামী নির্বাচনী লড়াইয়ে রিফর্ম ইউকের জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে।

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও