
খেলাধুলার জগতে কাকতালীয় ঘটনা নতুন নয়। তবে ২০২৫ ও ২০২৬ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এবং প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) গল্প যেন অবিশ্বাস্য মিলের এক নতুন অধ্যায় লিখেছে।
দীর্ঘ অপেক্ষার পর ২০২৫ সালে প্রথমবারের মতো আইপিএলের শিরোপা জেতে আরসিবি। একই বছর ৩১ মে ইতিহাস গড়ে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতে পিএসজি, ফাইনালে ইন্টার মিলানকে হারিয়ে।
এরপর ২০২৬ সালে আরও অবাক করা মিল সামনে আসে। পিএসজি ৩০ মে বুদাপেস্টে আর্সেনালকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জিতে নেয়। এর মাধ্যমে তারা ব্যাক-টু-ব্যাক ইউরোপসেরা হওয়ার বিরল কৃতিত্ব অর্জন করে।
অন্যদিকে আরসিবিও ২০২৫ সালের প্রথম শিরোপার পর ২০২৬ মৌসুমে শিরোপা ধরে রাখার দৌড়ে ছিল এবং টানা দ্বিতীয় ট্রফি জিতলো গুজরাট টাইটান্সকে হারিয়ে।
ফুটবল ও ক্রিকেট; দুই ভিন্ন খেলার দুই ক্লাবের মধ্যে মিল এখানেই শেষ নয়। দুই দলই বছরের পর বছর ‘চির অপূর্ণ প্রতিভা’ হিসেবে পরিচিত ছিল। তারকাসমৃদ্ধ স্কোয়াড থাকা সত্ত্বেও বড় মঞ্চে ব্যর্থতার জন্য সমালোচিত হয়েছে বারবার। কিন্তু ২০২৫ সালে প্রথম শিরোপা জয়ের পর যেন ভাগ্যের চাকা ঘুরে যায়।
আরও মজার বিষয় হলো, পিএসজি তাদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল ৩১ মে ২০২৫। আর ২০২৬ সালে দ্বিতীয় শিরোপা নিশ্চিত করে ৩০ মে। অর্থাৎ ঠিক এক বছর পর আবারও ইউরোপের সিংহাসনে বসে ফরাসি ক্লাবটি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই অনেক সমর্থক প্রশ্ন তুলেছেন, “আরসিবি আর পিএসজির মধ্যে এত মিল কিভাবে হয়?” কেউ কেউ মজা করে বলছেন, দুই ক্লাবের ভাগ্যের তারকা বুঝি একই দিনে জ্বলতে শুরু করেছে!
খেলার পরিসংখ্যান হয়তো একে নিছক কাকতালীয় বলবে। কিন্তু সমর্থকদের কাছে এটি রীতিমতো সিনেমার চিত্রনাট্য, বছরের পর বছর অপেক্ষা, প্রথম শিরোপার স্বাদ, তারপর এক বছরের মধ্যে টানা দ্বিতীয় সাফল্যের গল্প।