
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটে প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত প্রতিনিধি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে আবের কাওয়াসের সামনে। কুইন্সের এই ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট নেতা আগামী ২৩ জুন ডেমোক্র্যাটিক পার্টির সিনেট ডিস্ট্রিক্ট-১২ আসনের মনোনয়ন পেতে লড়ছেন।
মঙ্গলবার (০৯ জুন) মিডল ইস্ট আই প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন ফিলিপিনো-আমেরিকান আইনপ্রণেতা স্টিভেন রাগা। বিজয়ী প্রার্থী নভেম্বরের নির্বাচনে অংশ নেবেন এবং জয়ী হলে আগামী জানুয়ারিতে অ্যালবানিতে দায়িত্ব গ্রহণ করবেন।
কাওয়াস সম্প্রতি নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সমর্থন পেয়েছেন। এর আগে রাগা ২০২৫ সালের মেয়র নির্বাচনে মামদানির প্রচারণাকে সমর্থন করেছিলেন।
আবের কাওয়াস বলেন, ‘মামদানি বহু তরুণ ও প্রগতিশীল মানুষকে নতুন আশা দিয়েছে। আমরা সেই গতি ধরে রাখতে চাই।’
ফিলিস্তিনি অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা কাওয়াস দীর্ঘদিন ধরে অভিবাসী অধিকার, ভাষাগত সেবা, পুলিশ সংস্কার এবং সামাজিক ন্যায়বিচার নিয়ে কাজ করছেন।
তার ব্যক্তিগত জীবনও অভিবাসন নীতির প্রভাবের সঙ্গে জড়িয়ে আছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর যুক্তরাষ্ট্রে মুসলিমদের বিরুদ্ধে কঠোর নজরদারির সময় তার বাবা অভিবাসন কর্তৃপক্ষের হাতে গ্রেপ্তার হন।
প্রায় তিন বছর আটক থাকার পর তাকে জর্ডানে ফেরত পাঠানো হয়। কাওয়াস বলেন, ‘আমি কখনও চাই না অন্যকোনো পরিবারকে এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হোক।’
কাওয়াসের নির্বাচনী এলাকা কুইন্সের অ্যাস্টোরিয়া, লং আইল্যান্ড সিটি, সানিসাইডসহ কয়েকটি বৈচিত্র্যময় এলাকা নিয়ে গঠিত। বিভিন্ন ভাষা, সংস্কৃতি ও জাতিগত পরিচয়ের মানুষের বসবাস সেখানে।