
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়।
শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। পরে শনিবার বিষয়টি প্রকাশ্যে আসে।
স্থানীয় সূত্র ও বিজিবির তথ্যমতে, বিএসএফ ২০ জনকে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত বাধা দেয়। এতে সীমান্তের শূন্যরেখা এলাকায় কিছু সময়ের জন্য দুই বাহিনীর সদস্যরা মুখোমুখি অবস্থানে চলে যান।
এ সময় বিজিবি সদস্যদের বলতে শোনা যায়, “এক পা সরবো না। আপনারা আগে সরে যান, তারপর আমরা সরে যাব।” বিজিবির এমন দৃঢ় অবস্থানের মুখে শেষ পর্যন্ত বিএসএফ পিছু হটে এবং পুশইনের চেষ্টা বন্ধ করে দেয়।
পরে ওই ২০ জনকে সীমান্তের নো-ম্যানস ল্যান্ডের ভারতীয় অংশে রাখা হয়। শনিবার দুপুরে ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের সুকদেবপুর ক্যাম্পের সদস্যরা তাদের নিজ ভূখণ্ডে ফিরিয়ে নিয়ে যায়।
৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবির তৎপরতায় পুশইনের চেষ্টা সফলভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে। পুশইনের শিকার ২০ জনের মধ্যে ১১ জন নারী, চারজন শিশু ও পাঁচজন পুরুষ ছিলেন।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভবিষ্যতে কোনোভাবেই যেন পুশইনের ঘটনা না ঘটে সে বিষয়ে টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।