
যুক্তরাজ্যে সাম্প্রতিক তাপপ্রবাহের মধ্যে বাগান ও আউটডোর পরিবেশ পরিষ্কার ও সুন্দর রাখাই এখন অনেকের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ঘরের বাইরের ডাস্টবিন থেকে ছড়িয়ে পড়া ময়লা অনেক সময় পুরো বাগানকে নোংরা করে ফেলে। শিয়াল ও সীগাল খাবারের খোঁজে ডাস্টবিনে হানা দিয়ে ঢাকনা ছিঁড়ে ফেলে, ফলে সকালে ঘুম থেকে উঠে ছড়িয়ে থাকা আবর্জনা দেখা অনেকের জন্যই বিরক্তিকর অভিজ্ঞতা হয়ে দাঁড়ায়।
সম্প্রতি যুক্তরাজ্যের একজন বর্জ্য সংগ্রহ কর্মী, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে “The No1 Binman” নামে পরিচিত, এ সমস্যার সহজ সমাধান জানিয়েছেন। টিকটকে দেওয়া এক ভিডিওতে তিনি জানান, কিছু সাধারণ উপায় মেনে চললে শিয়াল ও সীগালকে সহজেই ডাস্টবিন থেকে দূরে রাখা সম্ভব।
তিনি বলেন, খাবারের বর্জ্য অবশ্যই ভালোভাবে ব্যাগে ভরে তারপর ডাস্টবিনে ফেলতে হবে, যাতে গন্ধ কম ছড়ায় এবং পশু-পাখির আকর্ষণ কমে যায়। তবে সবচেয়ে সহজ ও কার্যকর একটি কৌশল হলো একটি খালি দুধের বোতল পানিতে ভরে ডাস্টবিনের ঢাকনার ওপর রেখে দেওয়া। তার মতে, এই পদ্ধতিটি শিয়ালকে দূরে রাখতে সাহায্য করে।
তার ব্যাখ্যায় বলা হয়, শিয়াল সাধারণত রাতের বেলায় বেশি সক্রিয় থাকে। রাতের আলো বা রাস্তার বাতির আলো যখন ডাস্টবিনের ওপর রাখা পানিভর্তি বোতলের ওপর প্রতিফলিত হয়, তখন তা শিয়ালের কাছে অস্বস্তিকর মনে হয় এবং তারা এলাকা এড়িয়ে চলে।
এছাড়া তিনি আরও সতর্ক করে বলেন, ডাস্টবিন কোথায় রাখা হচ্ছে সেটিও গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় রোদে ফেলে রাখলে খাবারের বর্জ্য দ্রুত পচে যায়, ফলে দুর্গন্ধ, মাছি এবং কীটপতঙ্গের সংখ্যা বেড়ে যায়। তাই ডাস্টবিন সবসময় ছায়াযুক্ত স্থানে রাখা এবং ঢাকনা ভালোভাবে বন্ধ রাখা উচিত বলে তিনি পরামর্শ দেন।
স্থানীয় পরিচ্ছন্নতা কর্মীদের মতে, এসব ছোট ছোট সতর্কতা মেনে চললে বাগানকে পরিষ্কার রাখা এবং পশুপাখির উপদ্রব অনেকাংশে কমানো সম্ভব।