আন্তর্জাতিক

তাপমাত্রায় মক্কাকে ছাড়িয়ে গেল প্যারিস, ইউরোপজুড়ে নজিরবিহীন দাবদাহ

15865_NewsLabAsiaPostbc9ed9f5-717e-4100-91a9-d228cb26caf4 Large.jpeg

প্যারিসসহ ইউরোপের বিভিন্ন শহরে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সাধারণত যেমন তাপমাত্রা দেখা যায়, ইউরোপেও এখন ঠিক তেমন আবহাওয়া বিরাজ করছে। তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপের বড় একটি অংশ। পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন ও ইতালির বিভিন্ন এলাকায় সর্বোচ্চ সতর্কতা বা ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে।

প্রচণ্ড গরমে জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়েছে। দেখা দিয়েছে দাবানলের আশঙ্কা। ব্যাহত হচ্ছে স্বাভাবিক যাতায়াত ব্যবস্থা। পরিস্থিতি সামলাতে বিভিন্ন দেশের সরকার জরুরি পদক্ষেপ নিচ্ছে। ফ্রান্সের ‘রেড অ্যালার্ট’ জারি করা এলাকাগুলোতে সাময়িকভাবে মদ কেনাবেচা নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন।

জার্মানিতে দেশজুড়ে তাপ-সতর্কতা জারি করা হয়েছে। স্পেনের মাদ্রিদে তাপমাত্রা ৩৯ ডিগ্রি ছাড়ানোয় ফুটবল বিশ্বকাপের একটি ‘ফ্যান জোন’ প্রদর্শনী বাতিল করেছে কর্তৃপক্ষ।

ইউরোপে কেন এই তীব্র গরম?

ইউরোপের এই অস্বাভাবিক গরমের পেছনে রয়েছে ‘হিট ডোম’ বা তাপ-বলয়। বায়ুমণ্ডলের উচ্চচাপের কারণে পশ্চিম ইউরোপের আকাশে গরম বাতাস আটকে আছে। এর ফলে আকাশ মেঘমুক্ত থাকছে এবং দীর্ঘ সময় ধরে কড়া রোদ পড়ছে। উত্তর আফ্রিকা থেকে আসা গরম বাতাস এই তাপমাত্রাকে আরও বাড়িয়ে দিয়েছে।

যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও ফ্রান্স সংলগ্ন সমুদ্রের পানিও অস্বাভাবিক গরম হয়ে উঠেছে। এর ফলে উপকূলীয় এলাকাগুলোতে রাতেও তীব্র গরম অনুভূত হচ্ছে। স্পেনের সমুদ্র উপকূলের পানিও রেকর্ড পরিমাণে উত্তপ্ত হয়ে উঠেছে বলে জানিয়েছে দেশটির বন্দর কর্তৃপক্ষ।

ইউরোপের জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা ‘কোপারনিকাস’-এর তথ্য অনুযায়ী, পশ্চিম ফ্রান্স, ইংল্যান্ড ও ওয়েলসের দৈনিক গড় তাপমাত্রা আগের তুলনায় ১২ ডিগ্রি সেলসিয়াসের বেশি বেড়েছে। বিজ্ঞানীরা বলছেন, বৈশ্বিক উষ্ণায়নের কারণেই সময়ের আগে এই দাবদাহ শুরু হয়েছে।

বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হতে থাকা মহাদেশ এখন ইউরোপ। নব্বইয়ের দশকের মাঝামাঝি সময় থেকে এখানে প্রতি দশকে তাপমাত্রা যে হারে বাড়ছে, তা বৈশ্বিক গড় বৃদ্ধির দ্বিগুণেরও বেশি। জলবায়ু পরিবর্তনের ফলে এখন ঘনঘন তীব্র দাবদাহ হানা দিচ্ছে এবং এর স্থায়িত্বও বাড়ছে।

ইউরোপের শহরগুলো কতটা উত্তপ্ত?

ইউরোপের এই গরম কতটা ভয়াবহ, তা বোঝাতে একটি তুলনামূলক চিত্র তুলে ধরেছে আলজাজিরা। তারা গত ২৪ জুন ইউরোপের পাঁচটি রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রার বিশ্লেষণ করেছে।

এরপর সেই তাপমাত্রার সঙ্গে মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও এশিয়ার তপ্ত শহরগুলোর তুলনা করেছে। মূলত যেসব অঞ্চলে সচরাচর তীব্র গরম পড়ে, সেসব শহরের তুলনায় ইউরোপের শহরগুলো এখন কতটা উত্তপ্ত, সেটিই এই প্রতিবেদনে উঠে এসেছে।

সর্বাধিক পঠিত


ভিডিও