যুক্তরাজ্য

Metro
১ জুলাই ২০২৬, ১২:০৭
আরও খবর

এসেক্সে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: নিহত ২

15922_Screenshot 2026-07-01 at 12.18.10 pm.jpeg

যুক্তরাজ্যের এসেক্স কাউন্টির হাই অঙ্গার গ্রামের কাছে একটি গমক্ষেতে ছোট আকারের একটি বিমান বিধ্বস্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মিল লেন সড়কের পাশের একটি মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা দুই আসনের একটি সাদা রঙের হালকা বিমানে ‘ফ্লাইট এক্সপেরিয়েন্স’ বা প্রশিক্ষণমূলক উড়ানে অংশ নিয়েছিলেন বলে জানা গেছে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে জরুরি সেবা সংস্থার সদস্যরা দ্রুত পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। তবে শেষ পর্যন্ত বিমানে থাকা দুই আরোহীর মৃত্যু নিশ্চিত করা হয়। বুধবারও দুর্ঘটনাস্থল পুলিশ ঘিরে রেখেছিল এবং তদন্ত কার্যক্রম চলছিল।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনার পরপরই এলাকায় অসংখ্য পুলিশ, অ্যাম্বুলেন্স ও অন্যান্য জরুরি সেবার যানবাহন ছুটে আসে। মিল লেনের এক বাসিন্দা বলেন, সড়কটি পুলিশ বন্ধ করে দিয়েছিল, তবে প্রথমদিকে কেউ বিস্তারিত কিছু জানাতে পারেনি। তিনি বলেন, বিমানটি যদি কাছাকাছি কোনো বাড়ির ওপর পড়ত, তাহলে আরও বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল। এলাকাটির কাছেই নর্থ উইল্ড এয়ারফিল্ড থাকলেও এর আগে এ ধরনের দুর্ঘটনা ঘটেনি।

স্থানীয় বাসিন্দা ৫৮ বছর বয়সী গ্যারি হিউজেস নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, এলাকাটি অত্যন্ত শান্ত ও অপরাধপ্রবণতা কম হওয়ায় এত বড় দুর্ঘটনায় সবাই হতবাক। তিনি বলেন, এ অঞ্চলের আকাশে প্রায়ই ছোট বিমান উড়তে দেখা যায় এবং দুর্ঘটনাকবলিত বিমানটি সহজেই আশপাশের বাড়িঘরের ওপরও পড়তে পারত।

আরেক বাসিন্দা বলেন, মানুষের প্রাণহানির ঘটনা অত্যন্ত মর্মান্তিক। এলাকায় বেশ কয়েকটি ছোট বিমানঘাঁটি রয়েছে এবং শখের উড়োজাহাজ চালানো এখানে বেশ জনপ্রিয় হওয়ায় এমন দুর্ঘটনা স্থানীয়দের গভীরভাবে নাড়া দিয়েছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে যুক্তরাজ্যের এয়ার অ্যাকসিডেন্টস ইনভেস্টিগেশন ব্রাঞ্চ (এএআইবি) ঘটনাস্থলে তদন্তকারী দল পাঠিয়েছে। সংস্থাটি জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে বিস্তারিত তদন্ত চালানো হবে।

এসেক্স পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে অঙ্গার এলাকার মিল লেনের একটি মাঠে ছোট বিমান বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে। পুলিশ, ফায়ার সার্ভিস এবং অন্যান্য জরুরি সেবা সংস্থার সঙ্গে সমন্বয় করে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এসেক্স পুলিশের ডিটেকটিভ চিফ সুপারিনটেনডেন্ট মরগান ক্রোনিন বলেন, এটি একটি অত্যন্ত গুরুতর ঘটনা, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং এলাকাকে নিরাপদ রাখতে জরুরি সেবা সংস্থাগুলো একযোগে কাজ করছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বাসিন্দাদের মিল লেন এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে পুলিশ।

এদিকে, হাই অঙ্গারের সেন্ট মেরিস চার্চ এক বিবৃতিতে দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেছে। চার্চ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা নিহতদের, তাদের স্বজনদের, উদ্ধারকর্মীদের এবং এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পুরো স্থানীয় সম্প্রদায়ের জন্য প্রার্থনা করছে। তদন্তে নতুন তথ্য সামনে এলে পরিস্থিতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও