
আফগানিস্তান ক্রিকেটের উত্থানের অন্যতম নায়ক ও সাবেক তারকা পেসার শাপুর জাদরান আর নেই। দীর্ঘদিন ধরে বিরল রোগে ভুগে মঙ্গলবার (৭ জুলাই) ৩৮ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে আফগানিস্তান ক্রিকেটে নেমে এসেছে শোকের ছায়া।
বেশ কয়েক মাস ধরে ভারতের দিল্লি-এনসিআর অঞ্চলের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জাদরান। তিনি হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস (HLH) নামে একটি বিরল ও প্রাণঘাতী রোগে আক্রান্ত ছিলেন, যা শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা অস্বাভাবিকভাবে সক্রিয় করে বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গকে ক্ষতিগ্রস্ত করে।
শাপুর জাদরানের মৃত্যুর খবর নিশ্চিত করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (ACB) এক শোকবার্তায় জানায়, তিনি ছিলেন দেশটির ক্রিকেটের ভিত্তি গড়ে তোলা অন্যতম ব্যক্তিত্ব। বোর্ড জানায়, জাদরানের নিষ্ঠা, সাহস ও অবদান আফগানিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
২০০৯ থেকে ২০২০ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের হয়ে খেলেছেন বাঁহাতি এই ফাস্ট বোলার। তিনি ৪৪টি ওয়ানডেতে ৪৩টি এবং ৩৬টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ৩৭টি উইকেট শিকার করেন। ২০১৫ সালের বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের ঐতিহাসিক প্রথম বিশ্বকাপ জয়ে ব্যাট হাতে জয়সূচক রানও এসেছিল তার থেকেই।
লম্বা চুল, আগ্রাসী বোলিং এবং উদযাপনের স্বতন্ত্র ভঙ্গির কারণে শাপুর জাদরান ছিলেন আফগান ক্রিকেটের অন্যতম পরিচিত মুখ। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তরুণ ক্রিকেটারদের জন্যও তিনি ছিলেন বড় অনুপ্রেরণা।
তার মৃত্যুতে ক্রিকেটবিশ্বের বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে। সতীর্থ, সাবেক ক্রিকেটার এবং ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন। আফগানিস্তান ক্রিকেটের ইতিহাসে শাপুর জাদরানের অবদান চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।