
বিশ্বকাপ চলাকালে জনপ্রিয় মার্কিন কনটেন্ট ক্রিয়েটর ও স্ট্রিমার আই শো স্পিডকে (ড্যারেন ওয়াটকিনস জুনিয়র) উদ্দেশ করে বর্ণবাদী মন্তব্যের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ফিফা। আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচে ঘটে যাওয়া এ ঘটনার তদন্তও শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
মঙ্গলবার (৭ জুলাই) এক বিবৃতিতে ফিফা জানায়, তারা সব ধরনের বর্ণবাদ, ঘৃণা ও বৈষম্যের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে। সংস্থাটি নিশ্চিত করেছে যে, ৩ জুলাই যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয়ামে আর্জেন্টিনা ও কেপ ভার্দের শেষ ষোলোর ম্যাচে আই শো স্পিডকে ঘিরে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে অবগত হওয়ার পরপরই তদন্ত শুরু করা হয়েছে।
জনপ্রিয় ইউটিউবার ও লাইভস্ট্রিমার আই শো স্পিড, যার প্রকৃত নাম ড্যারেন ওয়াটকিনস জুনিয়র, চলতি বিশ্বকাপের একাধিক ম্যাচ সরাসরি সম্প্রচার করছেন। ফিফা, স্বাগতিক সম্প্রচারকারী ফক্স স্পোর্টস এবং ইউটিউবের সঙ্গে করা বিশেষ চুক্তির আওতায় তিনি অফিসিয়াল ম্যাচ ফিডও একসঙ্গে স্ট্রিম করার সুযোগ পেয়েছেন।
মায়ামিতে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ চলাকালে লাইভস্ট্রিমের সময় গ্যালারিতে থাকা এক সমর্থকের দিকে ফিরে তিনি জানতে চান, ওই সমর্থক কী বলছিলেন। তখন ওই সমর্থক স্প্যানিশ ভাষায় তাকে অপমানজনক ও বর্ণবাদী মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। ঘটনাটি লাইভস্ট্রিমে ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।
বর্তমানে আই শো স্পিড বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া তারকা। ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক ও এক্স (সাবেক টুইটার) মিলিয়ে তার অনুসারীর সংখ্যা ১৫ কোটিরও বেশি। বিশ্বকাপের বিভিন্ন স্টেডিয়ামে তার উপস্থিতি ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করছে।
ফিফা তাদের বিবৃতিতে আরও বলেছে, বিশ্বকাপ হলো ঐক্য, বৈচিত্র্য ও পারস্পরিক সম্মানের উৎসব। এই মূল্যবোধকে ক্ষুণ্ন করে এমন আচরণের সঙ্গে জড়িত কাউকেই সংস্থাটি প্রশ্রয় দেবে না। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে ফিফা।