যুক্তরাজ্য

GBNews
৮ জুলাই ২০২৬, ১৫:০৭
আরও খবর

যুক্তরাজ্যে তৃতীয় দফার হিটওয়েভে হারাতে পারেন ইন্টারনেট সেবা!

15987_1465057_1 Large.jpeg

যুক্তরাজ্যে তৃতীয় দফার হিটওয়েভ চলছে। আগামী কয়েক দিনে দেশটির তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা শুধু শরীরের যত্ন নেওয়ার পরামর্শই দিচ্ছেন না, বরং ঘরের ইলেকট্রনিক যন্ত্রপাতির সুরক্ষার বিষয়েও সতর্ক করছেন। কারণ অতিরিক্ত গরমে স্মার্টফোন, টেলিভিশন, গেমিং কনসোলের পাশাপাশি ওয়াই-ফাই রাউটারও ক্ষতিগ্রস্ত হতে পারে, যার ফলে বাড়িতে ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ব্রডব্যান্ড পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান ভার্জিন মিডিয়া গ্রাহকদের সতর্ক করে জানিয়েছে, অতিরিক্ত তাপমাত্রায় ঘরের হাব বা রাউটার ঠিকমতো কাজ নাও করতে পারে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, বিভিন্ন তাপমাত্রায় রাউটার পরীক্ষা করা হলেও এগুলোকে সরাসরি সূর্যের আলো থেকে দূরে রাখা উচিত। অতিরিক্ত গরম হয়ে গেলে রাউটারের গতি কমে যেতে পারে, এমনকি এটি পুরোপুরি বন্ধও হয়ে যেতে পারে।

ব্রিটিশ টেলিকম গ্রাহকদের একটি অনলাইন ফোরামের এক আলোচনায় বলা হয়েছে, সাধারণত রাউটার ঘরের তাপমাত্রার চেয়ে প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রাতেও কাজ করতে পারে। অর্থাৎ ঘরের তাপমাত্রা ২১ ডিগ্রি হলে রাউটারের ভেতরের তাপমাত্রা ৪১ ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে, যা স্বাভাবিক সীমার মধ্যে থাকতে পারে। তবে দীর্ঘ সময় অতিরিক্ত গরমে থাকলে সমস্যা দেখা দিতে পারে।

টেলিকম বিশেষজ্ঞদের মতে, যেসব বাড়িতে একসঙ্গে অনেক ডিভাইস রাউটারের সঙ্গে যুক্ত থাকে, সেখানে ঝুঁকি আরও বেশি। কারণ বেশি সংখ্যক ডিভাইস সচল রাখতে রাউটারকে বেশি পরিশ্রম করতে হয়, ফলে অতিরিক্ত তাপ তৈরি হয়ে সংযোগ ধীর হয়ে যেতে পারে বা রাউটার বন্ধ হয়ে যেতে পারে।

ইউসুইচ-এর টেলিকম বিশেষজ্ঞ সিমরাত শর্মা জানিয়েছেন, তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছালেই ইলেকট্রনিক যন্ত্রপাতি নিয়ে সতর্ক হওয়া প্রয়োজন। বিশেষ করে যাদের বাড়িতে অনেক স্মার্ট ডিভাইস রয়েছে বা যারা নিয়মিত বাড়ি থেকে কাজ করেন, তাদের রাউটারের অবস্থানের দিকে বিশেষ নজর দেওয়া উচিত।

বিশেষজ্ঞদের পরামর্শ, রাউটার সবসময় এমন জায়গায় রাখতে হবে যেখানে বাতাস চলাচল করতে পারে এবং সরাসরি সূর্যের আলো পড়ে না। জানালার পাশে, রোদ পড়ে এমন জায়গা বা গরম কোনো স্থানে রাউটার রাখা উচিত নয়। বাড়ির তুলনামূলক ঠান্ডা এবং মাঝামাঝি কোনো জায়গায় রাখলে ভালো কভারেজ পাওয়ার পাশাপাশি অতিরিক্ত গরম হওয়ার ঝুঁকিও কমে।

রাউটার কোনোভাবেই কার্পেট বা নরম কাপড়ের ওপর রাখা উচিত নয়। এতে নিচের দিকের বাতাস চলাচলের পথ বন্ধ হয়ে যায় এবং ভেতরে তাপ জমে যেতে পারে। শক্ত ও সমতল জায়গায় রেখে চারপাশে পর্যাপ্ত ফাঁকা জায়গা রাখা প্রয়োজন, যাতে গরম বাতাস বের হয়ে যেতে পারে।

গরমের সময় ল্যাপটপ, মোবাইল ফোনসহ অন্যান্য ডিভাইসও সরাসরি রোদে না রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে বাইরে বাগানে বসে কাজ করার সময় এসব ডিভাইস ছায়াযুক্ত স্থানে রাখা উচিত। বাইরে ভালো ইন্টারনেট সংযোগ প্রয়োজন হলে রাউটার বাইরে নেওয়ার পরিবর্তে ওয়াই-ফাই এক্সটেন্ডার ব্যবহার করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

তবে রাতে রাউটার বন্ধ করে রাখার অভ্যাস থেকেও বিরত থাকতে বলা হয়েছে। কারণ অনেক ব্রডব্যান্ড সংস্থা রাতে গুরুত্বপূর্ণ সফটওয়্যার আপডেট ও নিরাপত্তা সংক্রান্ত পরিবর্তন করে থাকে। রাউটার বন্ধ থাকলে এসব আপডেট মিস হওয়ার সম্ভাবনা থাকে। যদিও মাঝে মাঝে রাউটার রিস্টার্ট বা পাওয়ার সাইকেল করলে এর কার্যক্ষমতা কিছুটা উন্নত হতে পারে।

পুরনো রাউটারগুলোর ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি হতে পারে। কারণ পুরনো মডেলের যন্ত্রাংশ ও চিপসেট তুলনামূলক কম কার্যকর হওয়ায় অতিরিক্ত গরমে সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। পাশাপাশি পুরনো রাউটারে নিরাপত্তাজনিত দুর্বলতাও থাকতে পারে। তাই প্রয়োজন হলে ব্রডব্যান্ড সরবরাহকারীর সঙ্গে যোগাযোগ করে নতুন রাউটার নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

শুধু রাউটার নয়, তীব্র গরমে স্মার্টফোনও সমস্যায় পড়তে পারে। বেশিরভাগ স্মার্টফোন সাধারণত ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায় কাজ করতে পারে এবং নিজেদের তাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকে। তবে সরাসরি সূর্যের আলোয় থাকলে অতিরিক্ত চাপ তৈরি হয়।

ফোন বেশি গরম হয়ে গেলে অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করা, ব্লুটুথ ও ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ বন্ধ করা এবং ফোনকে কিছু সময় বিশ্রাম দেওয়া উচিত। এতে প্রসেসরের কাজের চাপ কমে এবং তাপমাত্রাও কমে আসে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, গরম ফোন কখনোই ঠান্ডা করার জন্য ফ্রিজ বা ফ্রিজারে রাখা উচিত নয়। হঠাৎ তাপমাত্রার পরিবর্তনে ফোনের ভেতরের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। বরং ফোন বন্ধ করে ছায়াযুক্ত, বাতাস চলাচল করে এমন জায়গায় রেখে স্বাভাবিকভাবে ঠান্ডা হতে দেওয়া উচিত।

এছাড়া নিম্নমানের বা অননুমোদিত চার্জার ব্যবহার করলেও গরমের সময় সমস্যা বাড়তে পারে। তাই মোবাইল চার্জ করার ক্ষেত্রে সবসময় অনুমোদিত চার্জার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

সিমরাত শর্মার মতে, গ্রীষ্মের উষ্ণ আবহাওয়া উপভোগ করলেও প্রযুক্তি যন্ত্রপাতির প্রতি বাড়তি যত্ন নেওয়া জরুরি। মোবাইল ফোন ও রাউটারে নিজস্ব তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকলেও ব্যবহারকারীর কিছু সাধারণ সতর্কতা দীর্ঘমেয়াদি ক্ষতি এড়াতে সাহায্য করতে পারে। সরাসরি রোদ এড়িয়ে চলা, পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রাখা এবং অতিরিক্ত চাপ কমানোই হতে পারে গরমে প্রযুক্তি সুরক্ষার সবচেয়ে কার্যকর উপায়।

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও