
চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের জিনজিয়াং শহরের একটি জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, কারখানার ভবন থেকে বিশাল আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়। ভবনের ছাদে কয়েকজন মানুষ আটকা পড়েছিলেন বলেও জানা গেছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এক বিবৃতিতে বলেছেন, এই অগ্নিকাণ্ডে উল্লেখযোগ্য সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে জিনজিয়াং শহরের হুইতেং ফুটওয়্যার কারখানায় আগুনের সূত্রপাত হয়। ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরকে চীনের ‘জুতার রাজধানী’ বলা হয়। এটি দেশটির অন্যতম বৃহৎ জুতা উৎপাদন কেন্দ্র।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে প্রায় ৫০০ উদ্ধারকর্মী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।
অগ্নিকাণ্ডের কারণ এবং হতাহতের সংখ্যা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।