
ইংল্যান্ড ও ওয়েলসে ২০২৫ সালে জন্ম নেওয়া ছেলেশিশুদের মধ্যে ‘মুহাম্মদ’ আবারও সবচেয়ে জনপ্রিয় নাম হিসেবে নির্বাচিত হয়েছে। টানা তৃতীয় বছরের মতো এই নামটি শীর্ষস্থান ধরে রেখেছে। একই সঙ্গে মেয়েশিশুদের ক্ষেত্রে ‘অলিভিয়া’ টানা দশম বছরের মতো সবচেয়ে জনপ্রিয় নামের মর্যাদা পেয়েছে।
যুক্তরাজ্যের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস) প্রকাশিত সর্বশেষ জন্মনিবন্ধন তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ইংল্যান্ড ও ওয়েলসে ৫ হাজার ৯৫৭ জন নবজাতক ছেলের নাম রাখা হয়েছে মুহাম্মদ। এছাড়া নামটির অন্যান্য বানানও জনপ্রিয়তার তালিকায় রয়েছে। ‘মোহাম্মদ’ নামটি ২০তম স্থানে এবং ‘মোহাম্মাদ’ ৫৫তম স্থানে অবস্থান করেছে।
ছেলেদের জনপ্রিয় নামের তালিকায় মুহাম্মদের পর দ্বিতীয় স্থানে রয়েছে নোয়া, আর তৃতীয় স্থানে লিও। এরপর রয়েছে লুকা, আর্থার, অলিভার, জর্জ, অস্কার, থিওডর এবং ফ্রেডি।
অন্যদিকে মেয়েদের নামের তালিকায় অলিভিয়া শীর্ষস্থান ধরে রাখলেও দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিলি। গত বছরের দ্বিতীয় অবস্থানে থাকা অ্যামেলিয়া এবার নেমে গেছে তৃতীয় স্থানে। এরপর রয়েছে আইলা, ফ্লোরেন্স, ফ্রেয়া, পপি, এলসি, আইভি এবং নতুন সংযোজন ইসাবেলা।
ওএনএসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ২ হাজার ৩৮৬ জন মেয়েশিশুর নাম রাখা হয়েছে অলিভিয়া। একই সময়ে লিলি নামটি রাখা হয়েছে ২ হাজার ২৪৯ জনের, আর অ্যামেলিয়া নামটি ২ হাজার ১৫৩ জনের।
শিশুর নাম নিয়ে গবেষণাভিত্তিক ওয়েবসাইট নেমবেরি–এর বিশেষজ্ঞ ক্লেয়ার গ্রিন জানিয়েছেন, জনপ্রিয় নামের শীর্ষ তালিকায় বড় ধরনের পরিবর্তন সাধারণত খুব ধীরে আসে। একটি নাম জনপ্রিয় হয়ে উঠলে অন্য অভিভাবকেরাও সেটি বেশি শুনতে পান এবং পছন্দ করতে শুরু করেন। ফলে সময়ের সঙ্গে সঙ্গে সেই নামের জনপ্রিয়তা আরও বাড়তে থাকে।
যুক্তরাষ্ট্রভিত্তিক শিশু নাম–পরামর্শক কোলিন স্লাগেনের মতে, অনেক অভিভাবক এমন নাম বেছে নিতে চান যা একদিকে পরিচিত ও গ্রহণযোগ্য, অন্যদিকে ভবিষ্যতেও সন্তানের ব্যক্তিত্বের সঙ্গে মানানসই থাকবে। তাই ঝুঁকি নিয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী নাম বেছে নেওয়ার প্রবণতা তুলনামূলক কম।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মেয়েদের নতুন জনপ্রিয় নামগুলোর মধ্যে রয়েছে এলিয়ানা, গ্রেসি, আলবা এবং লাইলাহ। ছেলেদের তালিকায় প্রথমবার জায়গা করে নিয়েছে কার্টার, রুবেন, স্ট্যানলি এবং ভিনসেন্ট।
অন্যদিকে কয়েকটি নাম জনপ্রিয়তার তালিকা থেকে ছিটকে গেছে। মেয়েদের ক্ষেত্রে এলি, অ্যামেলি ও জেসিকা আর শীর্ষ ১০০-তে নেই। ছেলেদের তালিকা থেকেও বাদ পড়েছে গ্রেসন, ব্রোডি এবং বোধি।
জনপ্রিয়তার দিক থেকে সবচেয়ে বড় অগ্রগতি হয়েছে মেয়েদের এলিয়ানা নামের, যা এক বছরে ৫৪ ধাপ এগিয়েছে। ছেলেদের মধ্যে রোমান নামটি ৩৩ ধাপ এগিয়ে ২৭তম স্থানে উঠে এসেছে।
এদিকে স্কটল্যান্ডে চিত্রটি কিছুটা ভিন্ন। সেখানে ২০২৫ সালে মেয়েদের সবচেয়ে জনপ্রিয় নাম হয়েছে ফ্রেয়া, যা অলিভিয়াকে পেছনে ফেলেছে। তবে ছেলেদের মধ্যে নোয়া শীর্ষস্থান ধরে রেখেছে।
বিশেষজ্ঞদের ধারণা, আগামী বছরগুলোতে পুরোনো বা ঐতিহ্যবাহী নাম নতুনভাবে ফিরে আসার প্রবণতা আরও বাড়বে। একই সঙ্গে অভিভাবকেরা এমন নামের প্রতি বেশি আগ্রহ দেখাবেন, যা পরিচিত হলেও কিছুটা স্বতন্ত্র বৈশিষ্ট্য বহন করে।