
নীলফামারীর সৈয়দপুরে সিনেমা হলে এখন আর শুধু সিনেমা নয়, বড় পর্দায় দেখানো হচ্ছে বিশ্বকাপ ফুটবল। রোববার (১২ জুলাই) আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের কোয়ার্টার ফাইনাল ম্যাচ প্রদর্শনকে কেন্দ্র করে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। মাত্র ৫০ টাকার টিকিটে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে খেলা দেখার সুযোগ থাকায় দর্শকদের সাড়া মিলছে চোখে পড়ার মতো। এ উপলক্ষে শহরজুড়ে চলছে ব্যাপক প্রচারণা।
তামান্না সিনেমা হলের স্বত্বাধিকারী মাহবুব আলী ঝন্টু জানান, একসময় নীলফামারী জেলায় ২৩টি সিনেমা হল ছিল। সময়ের সঙ্গে একে একে সব বন্ধ হয়ে গেছে। কোথাও সিনেমা হল ভেঙে মার্কেট বা আবাসিক ভবন নির্মাণ করা হয়েছে, আবার কোথাও ভবনগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। দীর্ঘদিন ধরেই সিনেমা ব্যবসায় মন্দা চলছে। তারপরও কষ্ট করে হলটি চালু রেখেছেন তিনি।
তিনি বলেন, বর্ষাকালে বৃষ্টির কারণে খোলা জায়গায় খেলা দেখা অনেকের জন্য কষ্টকর হয়ে পড়ে। তাই দর্শকদের স্বাচ্ছন্দ্যে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে বড় পর্দায় বিশ্বকাপ উপভোগের সুযোগ করে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মাহবুব আলী ঝন্টু জানান, গত ৭ জুলাই রাত ১০টায় মিসর ও আর্জেন্টিনার ম্যাচটি হলে প্রদর্শন করা হয়। সেদিন দর্শকদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। যদিও সৈয়দপুর শহরের বিভিন্ন মোড়ে ক্লাব ও সংগঠনের উদ্যোগে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা রয়েছে, তবে বৃষ্টি হলে সেখানে দর্শকদের ভোগান্তিতে পড়তে হয়। ফলে অনেকেই এখন সিনেমা হলে এসে বড় পর্দায় খেলা দেখতে আগ্রহী হচ্ছেন।
তিনি আরও জানান, আর্জেন্টিনার ম্যাচেও যদি ভালো সাড়া পাওয়া যায়, তাহলে বিশ্বকাপের বাকি ম্যাচগুলোও সিনেমা হলে প্রদর্শনের ব্যবস্থা করা হবে।
দর্শক টানতে শহরজুড়ে মাইকিংয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচারণা চালানো হচ্ছে। তিনি বলেন, সিনেমা ব্যবসা আগের মতো নেই। তাই দর্শকদের চাহিদার কথা বিবেচনা করেই এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে হল কর্তৃপক্ষ সকাল-বিকেল মাইকিং করে প্রচার চালাচ্ছে। প্রচারণায় বলা হচ্ছে, হ্যাঁ ভাই, সুখবর! সুখবর! তামান্না সিনেমা হলের বিশাল ডিজিটাল পর্দায় আগামী ১২ জুলাই উপভোগ করুন বিশ্বকাপের আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ। বন্ধু-বান্ধব ও পরিবার-পরিজনকে সঙ্গে নিয়ে চলে আসুন। টিকিট পাওয়া যাবে হল কাউন্টারে। টিকিটের মূল্য—ব্যালকনি ৫০ টাকা এবং শোভন শ্রেণি ৩০ টাকা। সুযোগ হাতছাড়া করবেন না।