খেলাধুলা

দেখতে হুবহু হালান্ডের মতো কে এই আনাসতাসিয়া কস্ত্রোমিতিনা

16012_IMG_7506.jpeg

দেখলে প্রথমে খানিকটা বিভ্রান্ত হওয়াই স্বাভাবিক। মনে হতে পারে, নরওয়ের তারকা ফুটবলার আর্লিং হালান্ড বুঝি ফুটবল ছেড়ে রাশিয়ায় মডেলিংয়ে নেমেছেন। কিংবা তার কোনো যমজ বোনের সন্ধান মিলেছে মস্কোয়। বাস্তবতা অবশ্য পুরোপুরি ভিন্ন। চেহারায় অবিশ্বাস্য মিল থাকলেও দুজনের দেশ, পরিচয় ও পেশা আলাদা।

একজন ফুটবল মাঠে গোল করে আলো ছড়ান, অন্যজন সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বানিয়ে পেয়েছেন তারকাখ্যাতি। হালান্ডের মতো দেখতে এই রুশ তরুণীর নাম আনাসতাসিয়া কস্ত্রোমিতিনা। তিনি রাশিয়ার একটি মডেলিং এজেন্সির সঙ্গে কাজ করছেন।

হালান্ডের সঙ্গে নিজের চেহারার মিলের বিষয়টি শুরুতে আনাসতাসিয়ার নজরেই আসেনি। তার এক বান্ধবী প্রথম বিষয়টি খেয়াল করেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে হালান্ডের মতো দেখতে মানুষদের নিয়ে ভিডিও তৈরির প্রবণতা দেখে নিজেও এমন ভিডিও বানানোর সিদ্ধান্ত নেন আনাসতাসিয়া।

এ প্রসঙ্গে রুশ মডেল বলেন, আর্লিং হালান্ডের সঙ্গে আমার চেহারার মিল আছে, বিষয়টি প্রথম আমার এক বান্ধবী লক্ষ্য করেছিল। পরে দেখলাম, হালান্ডের মতো দেখতে অনেকেই ভিডিও তৈরি করছেন। তখন মনে হলো, আমিও ভিডিও বানাতে পারি। এখন পুরো বিষয়টি বেশ উপভোগ করছি।

এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি আনাসতাসিয়াকে। ইনস্টাগ্রামে হালান্ডকে অনুকরণ করে একের পর এক ভিডিও পোস্ট করতে শুরু করেন তিনি। নরওয়ের ফুটবল তারকার অভিব্যক্তি ও নানা ভঙ্গি অনুকরণ করে তৈরি এসব ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সম্প্রতি আনাসতাসিয়ার একটি ভিডিও ১১ কোটির বেশি মানুষ দেখেছেন। রাতারাতি পরিচিতি পাওয়ার সঙ্গে বদলে গেছে তার পেশাজীবনও। সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা বাড়ায় বিভিন্ন বিজ্ঞাপনে কাজের প্রস্তাব পাচ্ছেন এই রুশ তরুণী।

মজার ব্যাপার হলো, ভাইরাল হওয়ার আগে ফুটবল নিয়ে তেমন কোনো আগ্রহই ছিল না আনাসতাসিয়ার। হালান্ডের সঙ্গে চেহারার মিলই তাকে ফুটবলের জগতের কাছাকাছি নিয়ে এসেছে। এখন নিয়মিত নরওয়ের ম্যাচ দেখেন তিনি।

আনাসতাসিয়া বলেন, সত্যি বলতে আগে ফুটবল নিয়ে আমার কোনো আগ্রহ ছিল না। শুধু হালান্ডের সঙ্গে চেহারার মিল থাকার কারণে এভাবে ভাইরাল হব, তা কখনো ভাবিনি। এই পরিচিতির কারণে বিজ্ঞাপনে কাজের অনেক সুযোগ পাচ্ছি। এখন আমি নিয়মিত নরওয়ের খেলা দেখি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হালান্ডের যমজ’ হিসেবে পরিচিত হয়ে ওঠা আনাসতাসিয়ার এখন একটি বিশেষ ইচ্ছাও আছে। সুযোগ পেলে আর্লিং হালান্ডের সঙ্গে দেখা করতে চান তিনি। শুধু দেখাই নয়, নরওয়েজিয়ান তারকার পাশে দাঁড়িয়ে একটি ছবি তুলে সেই মুহূর্ত ফ্রেমবন্দী করার স্বপ্নও দেখছেন রুশ মডেল।

তবে আনাসতাসিয়ার এই ভাইরাল পরিচিতি কিংবা তার সঙ্গে চেহারার অদ্ভুত মিলের খবর আর্লিং হালান্ডের কানে পৌঁছেছে কি না, সেটিই এখন কৌতূহলের বিষয়।

 

সর্বাধিক পঠিত


ভিডিও