
যুক্তরাজ্যের খ্যাতনামা খুচরা বিক্রেতা মার্কস অ্যান্ড স্পেন্সার (এমঅ্যান্ডএস), টেসকো, লিডল, জন লুইস ও প্রাইমার্ক একাধিক খাদ্য ও গৃহস্থালি পণ্য জরুরি ভিত্তিতে বাজার থেকে প্রত্যাহার করেছে। খাদ্যে লিস্টেরিয়া ব্যাকটেরিয়ার উপস্থিতি, অ্যালার্জেন সংক্রান্ত ভুল লেবেলিং, অতিরিক্ত সিসা এবং অ্যাসবেস্টস দূষণের আশঙ্কায় এসব সতর্কতা জারি করা হয়েছে।
যুক্তরাজ্যের ফুড স্ট্যান্ডার্ডস এজেন্সি (FSA) জানিয়েছে, টেসকো ও লিডলে বিক্রি হওয়া কয়েকটি হ্যামজাত পণ্যে লিস্টেরিয়া মনোসাইটোজেনেস ব্যাকটেরিয়ার সম্ভাব্য উপস্থিতি শনাক্ত হয়েছে। আক্রান্ত পণ্যের মধ্যে রয়েছে Brady Family Crumb Irish Ham, Deluxe Honey Roast Carved Irish Ham এবং Deluxe Triple Oak Smoked Carved Irish Ham। এসব পণ্যের ব্যবহারযোগ্যতার শেষ তারিখ ১৬ জুলাই ২০২৬। তবে এ প্রত্যাহার কেবল উত্তর আয়ারল্যান্ডের জন্য প্রযোজ্য।
একই কারণে এমঅ্যান্ডএস তাদের ১৫০ গ্রাম ওজনের Food Truffle Gouda চিজও বাজার থেকে প্রত্যাহার করেছে। পণ্যটির ব্যবহারযোগ্যতার শেষ তারিখ ৯ অক্টোবর ২০২৬। এটি উত্তর আয়ারল্যান্ড ও আয়ারল্যান্ড প্রজাতন্ত্রে বিক্রি হয়েছে।
এফএসএ জানিয়েছে, লিস্টেরিয়া সংক্রমণের লক্ষণ সাধারণত জ্বর, পেশিতে ব্যথা, কাঁপুনি, বমি বমি ভাব, বমি ও ডায়রিয়ার মতো হতে পারে। তবে বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী, নবজাতক এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন মানুষের ক্ষেত্রে এটি মারাত্মক জটিলতা, এমনকি মেনিনজাইটিসও সৃষ্টি করতে পারে।
এদিকে Minton & Donello Organic White Orzo নামের একটি ৫০০ গ্রাম পাস্তা পণ্যও প্রত্যাহার করা হয়েছে। এতে গম বা গ্লুটেন থাকলেও তা লেবেলে উল্লেখ করা হয়নি। ফলে গম বা গ্লুটেনে অ্যালার্জি রয়েছে কিংবা সিলিয়াক রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য এটি স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
খাদ্যপণ্যের পাশাপাশি গৃহস্থালি পণ্য নিয়েও সতর্কতা জারি করেছে অফিস ফর প্রোডাক্ট সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস (OPSS)।
প্রাইমার্ক তাদের তিনটি মডেলের পেপার মিল প্রত্যাহার করেছে। পরীক্ষায় এসব পণ্যে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি সিসা পাওয়া গেছে, যা দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করতে পারে। যুক্তরাজ্যজুড়ে বিক্রি হওয়া এসব পণ্যের দাম ছিল ৮ পাউন্ড।
অন্যদিকে জন লুইস ২০২১ সালের ৩১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ১১ জুন পর্যন্ত বিক্রি হওয়া একাধিক ডোরস্টপ ও ড্রাফট এক্সক্লুডার প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির ভাষ্য, এসব পণ্যের ভেতরে ব্যবহৃত মার্বেল চিপসে অল্প পরিমাণ অ্যাসবেস্টস দূষণ থাকতে পারে। অ্যাসবেস্টস একটি নিষিদ্ধ পদার্থ এবং অল্পমাত্রায় সংস্পর্শেও এটি গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভোক্তাদের এসব পণ্য ব্যবহার বা খাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। যাদের কাছে উল্লিখিত পণ্য রয়েছে, তারা নিকটস্থ বিক্রয়কেন্দ্রে ফেরত দিয়ে সম্পূর্ণ অর্থ ফেরত নিতে পারবেন।